কোনো একটি চলচ্চিত্রের জন্য একজন ব্যক্তির একাধারে রচনা, পরিচালনা ও চিত্রনাট্য লেখার মতো একাধিক উদাহরণ এর আগেও বহুবার দেখেছে চলচ্চিত্র বিশ্ব। তবে সম্প্রতি নিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘চাইনিজ জোডিয়াক’-এর জন্য জনপ্রিয় তারকা জ্যাকি চ্যান যা করে দেখিয়েছেন তার তুলনা গোটা চলচ্চিত্র বিশ্বই আর দ্বিতীয়টি দেখেনি। একটি চলচ্চিত্রের প্রধান এবং সৃষ্টিশীল দায়িত্বগুলোর মধ্যে একই ১৫টি দায়িত্ব পালন করে অনন্য এই রেকর্ড গড়েছেন জ্যাকি চ্যান। আর এজন্য সাংহাইতে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’র আগে তার হাতে উঠেছে গিনেজের স্বীকৃতিও। এদিকে ‘চাইনিজ জোডিয়াক’-এর জন্য জ্যাকি চ্যান যে ভূমিকাগুলো পালন করেছেন তার মধ্যে রয়েছে পরিচালনা, প্রযোজনা, অভিনয়, ফাইট কোরিওগ্রাফি ও কম্পোজারের মতো মোট ১৫টি দায়িত্ব। উল্লেখ্য, ইতোপূর্বে এক চলচ্চিত্রে সবচেয়ে বেশি সংখ্যক ১১টি দায়িত্ব পালনের রেকর্ডটি ছিল রবার্ট রড্রিগুয়েজের দখলে।
