এইডস প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করেছে ভান্ডারিয়ার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে সমপ্রতি বেসরকারি সংস্থা ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইসিডিএফ) এক সমাবেশে এ অঙ্গীকার করা হয়। এ ছাড়াও এ দিবস উপলক্ষে সংগঠনটি র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। ইউএনএফপিএ এর অর্থায়নে বেসরকারি সংস্থা ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইসিডিএফ) উদ্যোগে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. একরামুল কবির, আইসিডিএফ নির্বাহী পরিচালক আব্দুল মতিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইয়েদা জাহানারা বারী, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা এনজিও সমন্বয়কারী আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আক্তারুজ্জামান তালুকদার, অধ্যক্ষ আবুল বশার বাদশা প্রমুখ। সভা শেষে এইডস প্রতিরোধে কাজ করার অঙ্গীকার এবং এইডস বিরোধী নাটক ও সঙ্গীত পরিবেশন করা হয়।
