দ. আফ্রিকায় সামরিক বিমান বিধ্বস্ত নিহত ১১

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ১৯:৪০
দক্ষিণ আফ্রিকার পার্বত্য পূর্বাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বেশ কিছু সংবাদ মাধ্যম এ খবর জানায়। একটি সংবাদে নিশ্চিত করা হয় যে, নিহতরা নেলসন ম্যান্ডেলার চিকিত্সা টিমের সদস্য। বার্তা সংস্থা ইডব্লিউটি জানায়, বিমান বাহিনীর ডাকোটা বিমানটি বুধবার রাতে বিধ্বস্ত হয়। বিমানটি ৯৪ বছর বয়সী বর্ণবাদ বিরোধী আন্দোলনের নায়ক নেলসন ম্যান্ডেলার চিকিত্সা টিমকে নিয়মিত সফরের জন্য তার নিজ শহরে নিয়ে যাচ্ছিল। এএফপি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে এক সামরিক কর্মকর্তা খবরটি নিশ্চিত বা অস্বীকার করতে পারেননি। সোলানি মাবাঙ্গা বলেন, ‘আমাকে জানানো হয়েছে যে বিধ্বস্ত বিমানটি পাওয়া গেছে। ঘটনাস্থলে থাকা টিমের কাছ থেকে তথ্য পেলে পরে আমি আরো তথ্য জানাতে পারবো।’ জানা যায়, বিমানটি ম্যান্ডেলার নিজ শহর কুনুর পার্শ্ববর্তী একটি ছোট্ট বিমানবন্দর উমটাটার উদ্দেশে প্রিটোরিয়া ছেড়ে যায়। বিমানটি নিখোঁজ হওয়ার পর ওই পার্বত্য অঞ্চলে কয়েকটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেগুলোকে আবার ফিরিয়ে আনা হয়। ঘটনাস্থলে স্থল উদ্ধার টিমও পাঠানো হয়েছে।