ক ল কা তা টে স্ট

নিয়ন্ত্রণ ইংল্যান্ডের

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৩৯
অধিনায়ক অ্যালিস্টার কুক ভারতের বোলিং আক্রমণকে নিথর বানিয়ে ১৯০ রান তুলে নিলেন। সেই সাথে ইংল্যান্ড গতকাল শুক্রবার কলকাতায় তৃতীয় টেস্টের তৃতীয়দিন শেষে প্রথম ইনিংসে ১৯৩ রানের মত বড় মাপের লিড নিয়েছে। কুক টেস্ট অধিনায়ক হিসেবে আগের দিনই (১৩৬) পাঁচ ম্যাচের পাঁচটিতেই সেঞ্চুরি তুলে নেয়ার কৃতিত্ব দেখান। গতকালও তিনি অসাধারণ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। রান আউট হওয়ার আগে কুক দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার পথ দেখান। কুক ছাড়াও জোনাথন ট্রট (৮৭) ও কেভিন পিটারসেনও (৫৪) দলকে বড় সংগ্রহ এনে দিতে সহায়তা করেছেন। কাল তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড ছয় উইকেটে ৫০৯ রান সংগ্রহ করেছে। উইকেটে অপরাজিত আছেন ম্যাট প্রিয়র ৪০ ও গ্রায়েম সোয়ান ২১ রানে। এই দুইজন সপ্তম উইকেট জুটিতে ৫৬ রান তুলেছেন। ভারতীয় বোলারদের জন্য আরো একটি হতাশাজনক দিন। প্রজ্ঞান ওঝা সর্বাধিক উইকেট পেয়েছেন (৩/১৪০)। পেসার ইশান্থ শর্মা ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট পেলেও আরেক পেসার জহির খান ২৯ ওভার বল করে উইকেট শূন্য। কুক উইকেটে ছিলেন প্রায় আট ঘন্টা ১২ মিনিটের মত। দ্বিতীয় উইকেটে তিনি ট্রটের সাথে ১৭৩ রান যোগ করেন। উদ্বোধনী জুটিতে কুকের সাথে নিক কম্পটন তুলেছিলেন ১৬৫ রান। টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড এক উইকেটে ২১৬ রান তুলেছিল। ট্রট ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। প্রথম দুই টেস্টে তার দুটি শূন্য ছিল। ট্রট ১৩তম টেস্ট হাফ সেঞ্চুরি হাঁকালেন। বোলিংয়ের সাথে ফিল্ডিংটাও ভাল হচ্ছে না ভারতের। ইশান্থ শর্মা নিজে বল করে ক্যাচ ছেড়েছেন কুকের। তখন ইংলিশ অধিনায়ক ১৫৬ রানে ছিলেন। কুক এই নিয়ে সপ্তমবারের মত ১৫০ রানের ওপর স্কোর করলেন। তিনি এই সিরিজে ৫০০ রান ছাড়িয়ে গেলেন। ইংল্যান্ডের তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনি ৫০০ রান পেরোলেন এক সিরিজে। এর আগে কেন ব্যারিংটন ও মাইক গ্যাটিং এই কৃতিত্ব গড়েছিলেন ভারতে এক সিরিজে। কুক ডাবল সেঞ্চুরি হাতছাড়া করলেন। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি পেলেন না তিনি। কেভিন পিটারসেন অবশ্য ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন। তিনি ৮৫ বলে নয় চার ও এক ছয়ে তার ইনিংস সাজান। ভারত কুককে রুখে দেয়। বিরাট কোহলির সরাসরি থ্রোতে রান আউট হন কুক চা বিরতির আগে। ইংল্যান্ডের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক কুক (২৩টি)। কাল যখন আউট হলেন তখন খেলে ফেললেন ৩৭৭ বল। ২৩টি চার ও দুটি ছয় তার ইনিংসে। এই সিরিজে কুকের রান এখন পর্যন্ত ৫৪৭। ব্যাটিং গড় ১৩৬.৭৫। আর ব্যাট করেছেন ২৬ ঘন্টা। ম্যাট প্রিয়র আক্রমণ করে খেলেছেন। ৪৬ বলেই ৪০ রান তুলে ফেলেন তিনি ছয়টি চার ও একটি ছয়ে। স্কোর কার্ড ভারত প্রথম ইনিংস ৩১৬ (গত দিনে ইংল্যান্ড প্রথম ইনিংস ২১৬/১) ইংল্যান্ড প্রথম ইনিংস (তৃতীয় দিন শেষে) অ্যালিস্টার কুক রান আউট (কোহলি) ১৯০ নিক কম্পটন এলবিডব্লিউ ব ওঝা ৫৭ জোনাথন ট্রট ক ধোনি ব ওঝা ৮৭ কেভিন পিটারসেন এলবিডব্লিউ ব অশ্বিন ৫৪ ইয়ান বেল ক ধোনি ব শর্মা ৫ সামিত প্যাটেল ক শেবাগ ব ওঝা ৩৩ ম্যাট প্রিয়র নট আউট ৪০ গ্রায়েম সোয়ান নট আউট ২১ অতিরিক্ত (বাই ১৩, লেগ বাই ৪, নো-৫) ২২ মোট (৬ উইকেট, ১৬৩ ওভার) ৫০৯ ব্যাট করবেন : মন্টি পানেসার, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন। উইকেট পতন : ১-১৬৫ (কম্পটন, ৫২.৬ ওভার), ২-৩৩৮ (ট্রট, ১১৯.২ ওভার), ৩-৩৫৯ (কুক, ১২৬.৫ ওভার), ৪-৩৯৫ (বেল, ১৩৬.৫ ওভার), ৫-৪২০ (পিটারসেন ১৪৩.২ ওভার), ৬-৪৫৩ (প্যাটেল, ১৪৯.৬ ওভার) বোলিং : জহির খান ২৯-৬-৮২-০, ইশান্থ শর্মা ২৯-৮-৭৮-১, রবিচন্দ্রন অশ্বিন ৫২-৯-১৮৩-১, প্রজ্ঞান ওঝা ৫০-১০-১৪০-৩, যুবরাজ সিং ৩-১-৯-০।