বাঘা যতীনের ১৩৩তম জন্মবার্ষিকী আজ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতিনের ১৩৩তম জন্মবার্ষিকী আজ ৮ ডিসেম্বর। ১৮৭৯ সালের এই দিনে কুমারখালির গড়াই নদীর পাড়ে কয়া গ্রামে মাতুল তলায় বিপ্লবী বাঘা যতিন জন্মলাভ করেন। তাঁর প্রকৃত নাম জ্যোতিন্দ্রনাথ মুখোপাধ্যায়। ১৯০৬ সালের এপ্রিল মাসে কয়া গ্রাম হতে দুই কিলোমিটার দূরে রাধারপাড়া মাঠের আখ ক্ষেতে ছুরি দিয়ে বাঘ হত্যা করে নিজেকে রক্ষা করায় তার নাম হয়েছিল বাঘা যতিন। কয়া থেকে প্রাথমিক শিক্ষা শেষে কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুল হতে ১৮৯৮ সালে এন্ট্রান্স পাস করেন। এরপর কলকাতা সেন্ট্রাল কলেজে ছাত্রাবস্থায় বিপ্লবী গুপ্ত সমিতির কার্যক্রমে সম্পৃক্ত হন। যুগান্তর দলের নেতা হয়ে তিনি দলকে আরও সুসংগঠিত করে বিপ্লবী অনুশীলন দলের সঙ্গে ঐক্য গড়ে তোলেন। বিপ্লবের এক পর্যায়ে বাংলায় আসা তার জন্য বিপজ্জনক হয়ে ওঠে। তখন তিনি অবস্থান নেন উড়িষ্যার কাপ্তিগোদায়। ১৯১৫ সালের ৯ সেপ্টেম্বর চার সঙ্গীসহ অস্ত্র খালাসের জন্য উড়িষ্যার বুড়ি বালামের দিকে রওনা হন বাঘা যতিন। বালেশ্বরের চাষাখন্দে ব্রিটিশ সৈন্য বাঘা যতিন ও তার চার সঙ্গীকে ঘিরে ফেলে। সেখানে বন্দুক যুদ্ধের একপর্যায়ে বাঘা যতিনের সঙ্গী বিপ্লবী চিত্তপ্রিয় রায় চৌধুরী ঘটনাস্থলে নিহত হন। গুলিবিদ্ধ অবস্থায় বাঘা যতিন ও তার অপর তিন সঙ্গী নীরেন দাসগুপ্ত, মনোরঞ্জন সেনগুপ্ত ও জ্যোতিষ পাল গ্রেফতার হন। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে বালেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় সেখানেই ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর বাঘা যতিন শেষ নিশ্বাস ত্যাগ করেন।