সড়ক দুর্ঘটনা

নরসিংদীতে দুই কলেজ ছাত্র সাতক্ষীরায় ছাত্রী নিহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৫৮
নরসিংদী প্রতিনিধি ও রায়পুরা সংবাদদাতা জানান, সেখানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রসহ ৩ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার ধুকুন্দি নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মাছ ভর্তি একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী রুবেল (১৮), শারমিন (১৭) ও আসাবুদ্দিন (৫৫) মারা যান। এছাড়া মিনারা বেগম (১৭), সাবিনা (১৭) ও মোশারফ হোসেন (২৫) গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত রুবেল, শারমিন ও আহত মিনারা ও সাবিনা বেলাব উপজেলার বাড়ৈচা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে পুলিশ জানিয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বেলাব থানায় মামলা হয়েছে। ট্রাকটি আটক হলেও চালক পালিয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি ও শ্যামনগর সংবাদদাতা জানান, সাতক্ষীরায় অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। শুক্রবার সকালে জেলার শ্যামনগর উপজেলার নূরনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রী রূমানা খাতুন (২০)। কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। রূমানা কাটুনিয়া রাজবাড়ী কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, রূমানা খাতুন শ্যামনগর মহাসিন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে একটি ইঞ্জিন ভ্যানে চড়ে যাচ্ছিল। পথিমধ্যে শ্যামনগর উপজেলার নূরনগর এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডিমলায় স্কুল ছাত্রের মৃত্যু এদিকে ডিমলা (নীলফামারী) সংবাদদাতা জানান, ট্রাক্টরের ধাক্কায় লাশ হয়ে বাড়ি ফিরেছে স্কুল ছাত্র আহাদ। পুলিশ সূত্র জানায়, কালীগঞ্জ গ্রামের রশিদুল ইসলামের পুত্র ও জোতনবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র আজাদ (১০)। বৃহস্পতিবার সন্ধ্যায় পিতার সাথে ডিমলা আসার পথে খগাখড়িবাড়ী ফেডারেশনের সামনে বিপরীত দিক থেকে আসার বালুভর্তি ট্রাক্টর ধাক্কা দেয়। প্রথমে ডিমলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুরে হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়।