দিনাজপুরে বিজিবির অভিযান এগার মাসে ১২২ কোটি টাকার পণ্য আটক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৫৯
গত ১১ মাসে দিনাজপুর বিজিবি সেক্টরের অধিনস্থ ৩৯৮ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অন্তমুখী ও বহিমুখী অভিযানে ১২২ কোটি ১৬ লাখ ৮৫ হাজার ৩৫ টাকা মূল্যের ভারতীয় ও দেশি পণ্য আটক করেছে। দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইমদাদুল হক জানান, দিনাজপুর সেক্টর গত জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে আটককৃত বিভিন্ন পণ্য ও যন্ত্রাংশ আটক করে। আটককৃত পণ্যগুলো কাস্টম শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী আটক পণ্য নিলামের মাধ্যমে বিক্রিকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়। চোরাচালানীর অভিযোগে গত ১১ মাসে বিজিবি সদস্যদের পক্ষ হতে ৬ হাজার ১৫৮টি মামলা ও অভিযোগ সংশ্লিষ্ট থানায় দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩২২ জন আসামীর সুস্পষ্ট নাম রয়েছে। আসামীদের মধ্যে ৬০ জনকে বিজিবি সদস্যগণ গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে। অপর ২৬২ জন আসামী পলাতক রয়েছে। তিনি আরো জানান, ৪টি বিজিবি ব্যাটালিয়ন রয়েছে। এর মধ্যে জয়পুরহাট-৩, ফুলবাড়ী ৪০, দিনাজপুর সদর-২ এবং ঠাকুরগাঁও-২০ ব্যাটালিয়ন। জনবল স্বল্পতা, যানবাহন সংকট এবং যোগাযোগ ব্যবস্থার উন্নত না হওয়ার কারণে প্রায় সময়ই বিজিবি সদস্যদের অভিযানে সমস্যা দেখা দেয়। সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের একটি ক্যাম্পের বিপরীতে ভারতীয় বিএসএফ’র ২/৩টি করে ক্যাম্প রয়েছে। এছাড়াও তাদের সীমান্ত এলাকায় পাকা রিং রোড থাকায় বিএসএফ সদস্যদের টহল ব্যবস্থা জোরদার রয়েছে। আমাদের তা না থাকার পরও বিজিবি সদস্যরা দিন-রাত রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে কাজ করে যাচ্ছে। বিজিবি সীমান্তের জনসাধারণের মধ্যে চোরাচালান ও মাদক প্রতিরোধে সহায়তা করতে জনপ্রতিনিধিদের নিয়ে গত ১১ মাসে প্রায় শতাধিক সচেতনতা বৈঠক করা হয়েছে। ফলে সীমান্ত এলাকার মানুষের মধ্যে সচেতনতা কিছুটা বেড়েছে।