সাতক্ষীরায় এক মুক্তিযোদ্ধার ২৫ বিঘা জমির কাটা ধান অগুনে পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। গতকাল শুক্রবার ভোর রাতে সদর উপজেলার ধুলিহর বাজারখোলা গ্রামে এই ঘটনা ঘটে। এত প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। বিজয়ের এই মাসে একজন মুক্তিযোদ্ধার ধান পুড়িয়ে দেয়ায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, গত কয়েকদিন আগে মাঠ থেকে ২৫ বিঘা জমির ধান কেটে ধুলিহর গ্রামে তার বাড়ির পশ্চিম পাশে গাদা করে রাখা হয়। রাত ১টার দিকে দুবৃর্ত্তরা তার ধানের গাদায় আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে গ্রামবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিভাতে সমর্থ হয়। কিন্তু ততক্ষণে সমুদয় ধান পুড়ে শেষ হয়ে যায়।
