কুমিল্লায় মহাসড়কে প্রবাসীর মাইক্রোতে ডাকাতি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:০০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় সংঘবদ্ধ ডাকাত দল কাতার থেকে আসা ২ প্রবাসীকে বহন করা একটি মাইক্রোবাসে ডাকাতি করে নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে। পুলিশ ওই মাইক্রোসহ চালক কামরুল হাসান জুয়েলকে আটক করেছে। শুক্রবার ভোরে সদর দক্ষিণ উপজেলায় মহাসড়কের বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। সদর দক্ষিণ থানায় আটক প্রবাসীদের বহন করা মাইক্রো (ঢাকা-মেট্রো-১৩-৯২০৩) চালক কামরুল হাসান জুয়েল (৩৫) জানায়, কাতার থেকে আসা ২ প্রবাসীসহ ৫ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোয়াখালীর মাইজদী শহরে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে কুমিল্লার বেলতলী এলাকায় ডাকাত দল চলন্ত গাড়িতে রড মারলে মাইক্রোবাস থামানো হয়। এসময় ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সদর দক্ষিণ থানার এসআই মাহফুজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের সাথে কথা বলে ঘটনার সাথে জড়িত সন্দেহে চালক কামরুল হাসান জুয়েলসহ মাইক্রোবাসটি আটক করা হয়। আটক মাইক্রো চালক ঢাকার উত্তরা থানার দক্ষিণ খান, ২০৯-নগরবাড়ি এলাকার মোঃ কামালের ছেলে।