কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ক্রিকেট খেলতে যাওয়ার পথে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নৃশংসভাবে খুন হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। জানা যায়, বৃহস্পতিবার বিকালে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলতে যাওয়ার পথে প্রতিপক্ষ সন্ত্রাসীদের অতর্কিত হামলায় চান্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র শরীফ মিয়াকে (১৫) বুকে ও পেটে ছুরিকাঘাত ও একটি পা কেটে আহত করলে এলাকাবাসী তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ছুরির আঘাতে তার পেটের ভুঁড়ি বের হয়ে যায়। একই এলাকার হাবিবুর রহমান ও দাদন মিয়া গংদের সাথে শরীফ মিয়ার পরিবারের সঙ্গে কিছুদিন পূর্বে একটি মারামারির ঘটনায় হাবিবুর রহমান ও দাদন গংরা হাজতবাস করে। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এ ঘটনা ঘটিয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দিচ্ছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দাদন মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে। এ ব্যাপারে নিহত শরীফের মা নেকলেছ বেগম বাদী হয়ে কটিয়াদী থানায় ১১ জন চিহ্নিত ও ৪/৫ জন অজ্ঞাত লোককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
