কুমিল্লা ও পাংশায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:০৩
কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত ও অপর ২ জন আহত হয়েছে। নিহত ও আহতদের বাড়ি জেলার লাকসামে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। লাকসামের গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম তোতার ছেলে স্থানীয় বি.এন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র খায়রুল আলম আনাস (১৪) ও তার ভগ্নিপতি সাখাওয়াত হোসেন (২২), ফুফাত ভাই সজিব হোসেন (২০)সহ ৩ জন মোটর সাইকেল যোগে কুমিল্লা শহরে এসে কাজ শেষে লাকসাম ফিরছিলেন। পথিমধ্যে পদুয়ার বাজার বিশ্বরোডে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের ৩ আরোহী আহত হয়। রাতে আহত স্কুল ছাত্র খায়রুল আলম আনাস মারা যায়। শুক্রবার স্কুল ছাত্রের লাশ এলাকায় নেওয়া হয়। পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা রাজবাড়ীর পাংশায় নসিমনের চাপায় সেজতী (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার খোকশা-কালিতলা আঞ্চলিক সড়কের সেনগ্রাম বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত সেজতী একই এলাকার শ্রী সমীর কুমারের মেয়ে এবং সেনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী।