রায়পুরা উপজেলা বিএনপির দলীয় কোন্দল প্রকাশ্যে রুপ নিয়েছে। বিবদমান দু’গ্রুপের পাল্টাপাল্টি সভা একই দিন শুক্রবার পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রীরামপুর বাজারে সাবেক কৃষি উপমন্ত্রী মাইনুদ্দিন ভুইয়ার ছেলে মনোনয়ন প্রত্যাশী রফিকুল আমিন ভুইয়া রুহেল বিএনপিতে যোগদান উপলক্ষে পরিচিতি সভা করেন। অপর গ্রুপ উপজেলা বিএনপির আহবায়ক জামাল আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে উপজেলার আলগী বাজারে আলোচনা সভা করেন। শ্রীরামপুর বাজারের পরিচিতি সভায় প্রবীণ রাজনীতিবিদ মাইনুদ্দিন ভুইয়াকে দীর্ঘদিন পর রাজনীতির মাঠে পেয়ে নেতা-কর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়ে।
সাবেক মন্ত্রী মাইনুদ্দিন ভুইয়া নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আমার ছেলেকে আজ আপনাদের হাতে তুলে দিলাম। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আজিজ, রফিকুল আমিন ভুইয়া রুহেল, হযরত আলী ভুইয়া, মোঃ মোজাফর আলী, মোছলেহ উদ্দিন বাচ্চু, আব্দুল হাই মাস্টার, জাকির হোসেন ভুইয়া, তোফাজ্জল হোসেন, আঃ আল মামুন, দেলোয়ার হোসেন, সোহেল আহম্মেদ রাজন প্রমুখ। অপর দিকে, আলগী বাজারের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জামাল আহম্মেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক তৌফিকুল হক, নাজমুল হক মোহন, মিজানুর রহমান মিলন, সাজ্জাত হোসেন বাবুল, ছাত্রদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু প্রমুখ।
