এমসি কলেজের পোড়ানো ছাত্রাবাস পুরনো আদলে পুনর্নির্মাণ হচ্ছে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:০৪
ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে ভস্মিভূত সিলেট এমসি কলেজের শতবর্ষের ঐতিহ্যবাহী ছাত্রাবাসটি পুরনো আদলে পুননির্মাণ করা হচ্ছে। বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পুননির্মাণ কাজের উদ্বোধন করেন। সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে পুরনো স্থাপত্যশৈলীতে ছাত্রাবাসটি আবার নির্মিত হচ্ছে। কলেজ ছাত্রাবাস চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, এই কলেজের প্রায় নব্বই বছরের পুরনো ছাত্রাবাস যারা পুড়িয়েছে, তাদের পরিচয় একটাই এরা দুর্বৃত্ত। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্বের সবচেয়ে বড় সেমিপাকা টাইপের এমসি কলেজ ছাত্রাবাস আমাদের ঐতিহ্যের অংশ। তাই এটিকে তার পুরনো স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখেই পুননির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ছাত্রাবাসটিকে বিশ্ব ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত করারও চেষ্টা চলছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার।