সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:০৫
খুলনায় প্লাস্টিক সার্জারি ওয়ার্কশপ খুলনা অফিস \ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’দিনব্যাপী দেশের প্রথম আন্তর্জাতিক নাক ও মুখের প্লাস্টিক সার্জারি ওয়ার্কশপ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ভারত ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিত্সকরা এ ওয়ার্কশপে অংশ নেন। সাতজনের নাক ও মুখে প্লাস্টিক সার্জারি সম্পন্ন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এতে নেতৃত্ব দেন। সাংবাদিকতায় জাতীয় পুরস্কার পেলেন নাজমুল কুষ্টিয়া প্রতিনিধি \ সাংবাদিকতায় দ্বিতীয়বারের মত জাতীয় পুরস্কার পাচ্ছেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি নাজমুল ইমাম। চলতি বছরও দেশের বিদ্যুত্ খাত বিষয়ে শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। সরকারের বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সেরা রিপোর্টিংয়ের জন্য তাকে এ পুরস্কার দিচ্ছে। ২০১০ সাল থেকে চালু হওয়া এ পুরস্কার প্রতি বছর দেয়া হচ্ছে। কুষ্টিয়ার ছেলে নাজমুল ইমাম গত বছরও সেরা প্রতিবেদকের সম্মান পেয়েছিলেন। চাঁপাইনবাবগঞ্জে এফবিসিসিআই পরিচালককে সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ ৫ম বারের মত এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ব্যবসায়ীবৃন্দ এ গণসম্বর্ধনা প্রদান করেন। শরণখোলায় চোরাই সোনাসহ নারী গ্রেপ্তার শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রাম থেকে এবার ৩০০ গ্রাম চোরাই স্বর্ণালঙ্কারসহ রুমি বেগম (৩০) নামের শার্টার ভাঙা পার্টির এক নারী সদস্য গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে তার বাবা সুলতান মিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। চাটমোহরে সেনাবাহিনীর ফ্রি স্বাস্থ্য সেবা চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার চাটমোহরে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের উদ্যোগে ৫ ডিসেম্বর থেকে জনসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ চিকিত্সা কেন্দ্র স্থাপনের মাধ্যমে এই সেবা প্রদান করা হচ্ছে। নাসিরনগরে জাকের পার্টির জলসা নাসিরনগর সংবাদদাতা \ নাসিরনগর উপজেলা জাকের পার্টির উদ্যোগে বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের ঈদগা মাঠে ইসলামিক বার্ষিক জলসা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব সাফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্বজাকের মঞ্জিলের খাদেম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। বাজিতপুরে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে নবীন বরণ বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বৃহস্পতিবার বাজিতপুরের ভাগলপুরে জহুরুল ইসলাম নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে ছাত্রছাত্রীদের জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের অধ্যক্ষ নাদিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- হাবিবুর রহমান বুলবুল, চীফ কো-অর্ডিনেটর, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। দাউদকান্দিতে শীত বস্ত্র বিতরণ দাউদকান্দি প্রতিনিধি \ শুক্রবার দাউদকান্দি উপজেলার চরমাহমুদ্দি পাচানী নীলকুঠি কমপ্লেক্স এর সারবান মহলে হাবিবুল্লাহ মৌলভী স্মৃতি সংসদের উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন মরহুম হাবিবুল্লা মৌলভীর স্ত্রী রায়াতুন্নেছা ও দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব। শ্যামনগরে গাছ কাটার অভিযোগ শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নে পাউবো বেড়িবাঁধের নদীর চরের সবুজ বেষ্টনীর গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকার সমাজ সেবক মোঃ ইমদাদুল হক অভিযোগ করেছেন উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকায় প্রশাসনের সার্বিক সহযোগিতায় এলাকার সর্বস্তরের মানুষের প্রচেষ্টায় বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় গাছ লাগানো হয়। স্থানীয় জনগন বাধা দিলে তা উপেক্ষা করে চারা গাছ কেটে ফেলে। তালায় শিশু কাব্য’র পান্ডুলিপি হস্তান্তর তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ তালা উপজেলার শ্রীমন্তকাটী কৃষি কল্যাণ লাইব্রেরীতে ডাঃ আবু জয়িনের লেখা শিশু কাব্য “খোকার পাতাল জয়” গ্রন্থে’র পান্ডুলিপি শুক্রবার হস্তান্তর করা হয়। অত্র লাইব্রেবীর সভাপতি ছায়ফুল্লাহ সরদারের সভাপতিত্বে পান্ডুলিপি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ আমিরুল ইসলাম। ই-সেবায় নীলফামারী জেলা প্রশাসকের শ্রেষ্ঠত্ব সৈয়দপুর সংবাদদাতা \ ই-সেবায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলার সুনাম বয়ে আনলেন নীলফামারী জেলা প্রশাসক আব্দুল মজিদ। ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে খুব শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি পুরস্কার গ্রহণ করবেন। জীবননগরে সেলুন কর্মচারি নিহত জীবননগর সংবাদদাতা \ চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের সেলুন কর্মচারি মিঠুন স্যাঁতরা (২৫) ছিনতাইকারী চক্রের শ্বাসরোধে নিহত হয়েছে। নিহত মিঠুন সুটিয়া গ্রামের বাগদিপাড়ার আদিবাসী নয়ন স্যাঁতরার ছেলে। সে দত্তনগর বাজারে একটি সেলুনের দোকানে কাজ করে। বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে মিঠুন বাড়ি ফেরার পথে দত্তনগর-সুটিয়া সড়কের ছোট ব্রিজের নিকট পৌঁছুলে ৭-৮ জনের ছিনতাইকারী চক্র তাকে ধরে হাত-পা ও মুখ বেঁধে রাস্তার অদূরে ক্ষেতের মধ্যে নিয়ে বেঁধে রাখে। ছিনতাইকারীদের হাতে আটক ঐ গ্রামের আহাদ আলীর ছেলে নূর মোহাম্মদ নুরো (৫৫) এসময় পালিয়ে গেলে ছিনতাইকারীরা মিঠুনের চিত্কার বন্ধ করতে তার শরীরে সোয়েটার খুলে মুখ চেপে ধরলে শ্বাসরোধে তার মৃত্যু হয়। চৌহালীতে ইউনিয়ন তাঁতী দলের কমিটি চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুর থানা খুকনী ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার খুকনীতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। ৩ বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি মাহমুদুল হাসান, আহম্মদ আলী সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল-আমিন হোসেন। মাদারগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ দীর্ঘ ৯ বছর পর মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিজুড়ি এসএম সিনিয়র মাদ্রাসা মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি। শহর আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবীর। দৌলতপুরে বিএনপি ও যুবলীগের সমাবেশ ১৪৪ ধারা দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহেরমাদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুবলীগ ও বিএনপি একই স্থানে সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দৌলতপুর থানার ওসি জাহির হোসেন জানান, শুক্রবার একই সময়ে স্থানীয় যুবলীগ ও বিএনপি ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা আহবান করলে শান্তি-শৃংখলা বিঘ্নিত হওয়ার আশংকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল আখতার। পীরগঞ্জে চক্ষু শিবির পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ৯ ডিসেম্বর থেকে পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া কেন্দ্রিক ‘দেয়েল সংস্থা’র উদ্যোগে এবং “আন্ধেরি হিলফে জার্মানি’র অর্থায়নে ও গাউসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতাল দিনাজপুরের সহযোগিতায় লোহাগাড়া কলেজে তিন দিনব্যপী চক্ষু শিবির শুরু হবে। বেলকুচিতে সিমেন্ট কারখানা পরিদর্শনে মত্স্য সম্পদ মন্ত্রী বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাইতে স্থাপিত গোল্ডকাপ সিমেন্ট কারখানা মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস পরিদর্শন করেছেন। শুক্রবার তিনি জেলার এ ভারি শিল্প কারখানাটি পরিদর্শন করেন। তখন কারখানার এমডি হাজী আব্দুস ছামাদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেহেরপুরে হামলা ও লুটের অভিযোগে মামলা মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি-ঘরে হামলা, লুটপাটসহ প্রাণনাশের হুমকি দেয়ায় মেহেরপুর সদর থানায় ২১ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জে সরকারি ওষুধ উদ্ধার কিশোরগঞ্জ প্রতিনিধি \ কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করেছে এবং গ্রেফতার করেছে এক কলেজ ছাত্রকে। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। কিশোরগঞ্জ মডেল থানার এসআই মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার জেলা শহরের কালীবাড়ি এসএ পরিবহনের অফিস থেকে ওষুধ ভর্তি একটি বড় কার্টন আটক করে। পরে প্রেরকের ঠিকানার সূত্র ধরে একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করে। এ সময় পুলিশ উক্ত বাসা থেকে আনিসুর রহমান (১৮) নামে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে আটক করে। নেত্রকোনায় যুব মহিলা লীগের কমিটি গঠন নেত্রকোনা প্রতিনিধি \ বাংলাদেশ যুব মহিলা লীগ নেত্রকোনা জেলা শাখার ৭ বছর পর নতুন কমিটি গঠন করা হয়েছে। দলীয় কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটির সভাপতি অনিতা নন্দী এবং সম্পাদক সৈয়দা শামসুন্নাহার বিউটি সাংবাদিকদের নিকট নতুন ৫০ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। মোরেলগঞ্জে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা মোরেলগঞ্জ সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা প্রশাসক মো. আকরাম হোসেনের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোহর আলী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আকরাম হোসেন। বক্তব্য রাখেন চেয়ারম্যান আবুল কাসেম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিব্বির আহমেদ। চাটখিলে কিন্ডার গার্টেনের বৃত্তিপরীক্ষা চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদাতা \ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কিন্ডার গার্টেনের বৃত্তি পরীক্ষা গতকাল শুক্রবার চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়। চাটখিল উপজেলা চেয়ারম্যান মোঃ হাছান আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম, প্লেসক্লাব সভাপতি হাবিবুর রহমান কেন্দ্র পর্যবেক্ষণ করেন। পবিপ্রবিতে ভিসি অপসারণের দাবিতে ছাত্রলীগের মিছিল পবিপ্রবি প্রতিনিধি \ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনের অপসারণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ মিছিল বের করে। মিছিল থেকে কৃষি অনুষদের ডীন ও নবনির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আ.ক.ম. মোস্তফা জামানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। মিছিল শেষে ছাত্রলীগ ভিসির কুশপুত্তলিকা দাহ করে। রাজৈরে ৪৬ মুক্তিযোদ্ধার সংবর্ধনা টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দি বাজার ঈদগাহ ময়দানে ‘ঢাকাস্থ রাজৈর জনকল্যাণ সমিতির উদ্যোগে’ শুক্রবার একজন নারী মুক্তিযোদ্ধাসহ ৪৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইশিবপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজৈর থানা যুদ্ধকালীন কমান্ডার আব্দুল কাদের মোল্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাজাহান হাওলাদার, রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সেকান্দার আলী শেখ। অনুষ্ঠানে ৪৬ জন মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।