কক্সবাজার সীমান্তে মিয়ানমারের আরো ৩৯ নাগরিককে পুশব্যাক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল শুক্রবার মিয়ানমারের আরো ৪৯ জন নাগরিককে আটক করা হয়েছে। মিয়ানমার সীমান্তে দায়িত্বরত বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়ান এবং টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ান সদস্যরা এসব মিয়ানমার নাগরিককে আটক করে। পরে একই সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের নিজদেশে ফেরত পাঠানো হয়। কক্সবাজারস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, কক্সবাজারস্থ ১৭ বিজিবির আওতাধীন নাইক্ষ্যংছড়ীর তমব্রু ও ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত ১৬ জন মিয়ানমার নাগরিক ধরা পড়ে। পরে এসব মিয়ানমার নাগরিকদের মানবিক সাহায্য দিয়ে একই সীমান্ত পয়েন্ট দিয়ে নিজদেশে ফেরত পাঠানো হয়েছে। টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, তার ব্যাটালিয়ানের আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবি টহল দলের হাতে গতকাল শুক্রবার ২৩ জন অনুপ্রবেশকারী ধরা পড়ে। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্ত থেকে আটক মিয়ানমার নাগরিকদের সবাই রোহিঙ্গা মুসলিম নাগরিক।