পাঁচবিবিতে অনার্স ভর্তি পরীক্ষায় বহিরাগতদের হামলা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
গতকাল শুক্রবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুর হাজী মহসীন সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ অনার্স ভর্তি পরীক্ষা শেষে একদল বহিরাগত প্রশাসনিক ভবনে হামলা চালায়। তারা প্রশাসনিক ভবনের কলাপসেবল গেট ও অধ্যক্ষের কক্ষের জানালা ভাংচুর করার সময় পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় কলেজের কর্মচারী জহুরুল ইসলাম আহত হন। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, মহীপুর হাজী মহসীন সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন বিএ অনার্স ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার মুহূর্তে একদল বহিরাগত যুবক আকস্মিকভাবে অধ্যক্ষের ভবনে ঢুকার সময় বেলা সোয়া ১২টার দিকে ভাংচুর শুরু করে। এসময় কর্তব্যরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে। রাবার বুলেট কলেজের কর্মচারী জহুরুল ইসলামের (৫৫) কপালে ও বুকে লাগে। পরে তাকে আহত অবস্থায় পাঁচবিবি ও পরে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম সেলিম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পরীক্ষা শন্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বহিরাগত যুবকেরা তাদের সুবিধা আদায় করতে না পারায় এঘটনা ঘটিয়েছে।