আজ কুমিল্লা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
দীর্ঘ প্রায় এক বছর পর আজ শনিবার কুমিল্লা (দক্ষিণ) জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হচ্ছে। সকাল ১১টায় সংসদ সদস্য আ.হ.ম মুস্তফা কামালের লালমাইয়ের অদূরে দুতিয়াপুরস্থ বাসভবনে ঐ সভা হবে। এতে ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত, জেলা ও মহানগর কমিটি গঠন নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। জানা যায়, সিটি নির্বাচনকে সামনে রেখে গত বছরের ২২ ডিসেম্বর সর্বশেষ জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। আজকের বর্ধিত সভা প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিকদার জানান, আজকের মুলতবি বর্ধিত সভায় আওয়ামী লীগ ও যুবলীগের কমিটি গঠনের বিষয়ে আলোচনা ছাড়াও দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের দুই নেতার বিষয়ে আলোচনা হতে পারে। কুমিল্লা আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণ পাড়া, সদর দক্ষিণ, বরুড়া, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা যায়, বিগত ১৯৯৫ সালের ২২ নভেম্বর সর্বশেষ কুমিল্লা দক্ষিণ জেলা অওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।