গাজীপুরের কালিয়াকৈরে আন্তঃনগর একতা এক্সপ্রেস বিকল হয়ে সাড়ে আট ঘন্টা বন্ধ থাকার পর ফের ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের মাটিকাটা রেলক্রসিং এলাকায় একতা এক্সপ্রেসের একটি বগির এক্সেল ভেঙ্গে যায়। ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিল।
ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নেয়ার পর বিকাল ৫টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে বাংলাদেশ রেলওয়ের সহকারী যন্ত্র প্রকৌশলী (অপারেশন) নদী গোপাল জানিয়েছেন।
একতা এক্সপ্রেসের গার্ড সিরাজুল ইসলাম জানান, প্রায় দুই হাজার যাত্রী নিয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে মাটিকাটা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে পৌঁছানোর পর পাঁচ নম্বর বগির এক্সেল ভেঙ্গে যায়। এতে লাইনের পাতের সঙ্গে বগিটি আটকে যায়। আশপাশের স্টেশনগুলোতে বগি উদ্ধারের ক্রেন না থাকায় কমলাপুরে খবর দেয়া হয়। উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে বেলা পৌনে ৩টার দিকে মেরামত শুরু করে। মেরামতের পর একতা ট্রেনটি মৌচাক স্টেশনে সরিয়ে নিলে আটকে পড়া অন্য ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
জয়দেবপুরের স্টেশন মাস্টার জিয়াউদ্দিন জানান, দুর্ঘটনার ফলে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস মৌচাক স্টেশনে, নীলফামারীগামী নীলসাগর জয়দেবপুর জংশনে এবং ঢাকাগামী সিল্কসিটি ও জয়দেবপুরগামী রাজশাহী এক্সপ্রেস টাঙ্গাইলে আটকা পড়ে। ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
