যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় না মানলে আদালত অবমাননা হবে :ইনু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২২:৪২
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিষয়টি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। ট্রাইব্যুনাল যে রায় দেবেন জনগণ তা মেনে নেবে। যারা তা মানবে না তারা আদালত অবমাননাকারী হিসেবে গণ্য হবে। তিনি বলেন, মার্কিন দূতাবাসের গাড়িতে হামলা, দায় স্বীকার ও ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়ে জামায়াত প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। এ রকম সন্ত্রাসী দলের নিবন্ধন থাকবে কি না খতিয়ে দেখা উচিত। দেশের ভেতরে এই যাবত্ যেসব সহিংসতা ক্ষয়ক্ষতি হয়েছে তার দায়িত্ব স্বীকার করে জামায়াতকে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি গতকাল শুক্রবার সকালে নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে উপরোক্ত বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় আলোচনা করেন সিইউজের সভাপতি শহীদ উল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ। তথ্যমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, রবিবার ঢাকায় গাড়ি বের না করার হুমকি গণতান্ত্রিক ভাষা হতে পারে না। এটা শক্তি প্রয়োগের সামিল। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে বলেন, এই ব্যবস্থায় অনেক ধরনের ত্রুটি রয়েছে। কাজেই অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে। তথ্যমন্ত্রী বলেন, সবার মতামতের ভিত্তিতে জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণীত হবে। শিগগিরই অনলাইন নীতিমালা হচ্ছে। সপ্তম ওয়েজ বোর্ড সব সংবাদপত্র ও সংবাদ সংস্থায় বাস্তবায়ন করতে হবে। সন্ধ্যায় লালদীঘি ময়দানে আয়োজিত বিজয়ের বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।