যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী রবার্ট ব্লেক তিনদিনের সফরে আজ শনিবার ঢাকা আসছেন। কাল থেকে ঢাকায় অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় নারী উদ্যোক্তা সিম্পোজিয়ামে যোগ দেবেন তিনি। তার সঙ্গে বৈশ্বিক নারী বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মেল্যান ভার ভিয়ারও যোগ দেবেন।
কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এই সিম্পোজিয়ামের আয়োজন করছে। নতুন সিল্ক রোড সংশ্লিষ্ট আঞ্চলিক, অর্থনৈতিক একীভূতকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা ও শান্তি প্রসারই এই আয়োজনের লক্ষ্য। আফগানিস্তান, কিরখিজস্তান, কাজাখস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ১২০ জন নারী উদ্যোক্তা, ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধি সিম্পোজিয়ামে অংশ নেবেন।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সিম্পোজিয়ামে অংশগ্রহণ ছাড়াও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিক ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করবেন।
যুক্তরাষ্ট্র দূতাবাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রবার্ট ব্লেকের সৌজন্য সাক্ষাতের জন্য সময় চেয়েছে। তবে কর্মব্যস্ততার কারণে প্রধানমন্ত্রীর সময় পাওয়া অনিশ্চিত বলে জানা গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে রবার্ট ব্লেকের বৈঠক হবে কাল রবিবার।
সংসদে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাত্ করবেন তিনি।
