রাজধানীতে সতর্ক পুলিশ ও র্যাব আগামীকাল অবরোধ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২২:৪৫
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা আগামীকাল রবিবারের অবরোধ কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর স্পর্শকাতর এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা। অবরোধ কর্মসূচিকে সামনে রেখে গতকাল শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাজধানীর সকল থানার ওসি ও ক্রাইম জোনের ডিসিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। বৈঠকে উপস্থিত পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, অবরোধকে সামনে রেখে পুলিশের কর্মপরিকল্পনা ছাড়াও আদালতের নির্দেশে রমনা জোনের পাঁচ পুলিশকে প্রত্যাহার করার ব্যাপারে আলোচনা হয়। একাধিক পুলিশ সদস্য বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধে জড়িত থাকার অভিযোগে কোন ব্যক্তিকে আটক করে মিডিয়ার সামনে হাজির করে আসছে। ফেনসিডিলসহ আটকের পর সিনিয়র সহকারী জজ জাবেদ ইমামের ক্ষেত্রেও পুলিশ তাই করেছে। অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নগরজুড়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নজরদারির পাশাপাশি র্যাবের টহল অব্যাহত থাকবে। পুলিশ-র্যাবের দশ হাজার সদস্য মোতায়েন করা হবে। রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মতিঝিল, পল্টন, দৈনিক বাংলা মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট ও এর আশপাশের এলাকাকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। রাজধানীর সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ করে কূটনৈতিক এলাকায় নেয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অর্ধশতাধিক স্টাইকিং ফোর্স ইউনিট থাকবে। ডিএমপির কন্ট্রোল রুমে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করবেন ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তা। সাদা পোশাকে দায়িত্ব পালন করবে র্যাব-পুলিশের একাধিক টিম। সন্দেহভাজন এলাকায় অভিযান চালানোর ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর যেসব এলাকায় জামায়াত-শিবিরের প্রভাব বেশি ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।