খুলনায় শিশিরভেজা লাইভ কনসার্ট

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২২:৪৭
‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন, প্রকৃত পুরুষ হোন’ এই শ্লোগান দিয়ে গতকাল শুক্রবার খুলনা জেলা স্টেডিয়ামে হয়ে গেল লাইভ কনসার্ট। ব্যান্ড দল নগর বাউল, ওয়্যারফেজ, মাকসুদ ও ঢাকা, ফিডব্যাক, প্রমিথিউস, দলছুট, লালন, শিরোনামহীন, নেমেসিস, মেকানিক্স, বেদুঈন ও দ্রীক-এর শিল্পীরা সুরের মূর্ছনায় মাতালেন শিল্প নগরী খুলনার দর্শক-শ্রোতাদের। হেমন্তের মৃদুশীত মাখা অপরূপ উদাসী সন্ধ্যার শিশিরের অশ্রুপাতের সাথে সুরের মূর্ছনা যেন একাকার হয়ে গিয়েছিল দর্শক-শ্রোতাদের কণ্ঠ। দুপুর আড়াইটার মধ্যেই কানায় কানায় ভরে যায় পুরো স্টেডিয়াম। দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর অপরাহ্ন তিনটায় দ্রীকের ‘মোরা ঝর্নার মত চঞ্চল’ ‘অপার মানুষ, রকি ইউ লাইক এ হারিকেন গান’ দিয়ে শুরু হয় লাইভ কনসার্ট। এরপর মেকানিক্স-এর শিল্পীরা ‘রেল লাইনের ঐ বস্তিতে, জ্বালা জ্বালা এ অন্তরে,’ খুলনার ব্যান্ড দল বেদুঈন ‘নিঃস্ব করেছ আমায়, আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও’ নেমোসিস ‘কোথায় আছো যে, কত যে কথা ছিল প্রাণ জুড়ে’, শিরোনামহীন ‘ইচ্ছে ঘুড়ি, তুমি যে আছো তাই... পথে পথে হেঁটে যাই’, ফিডব্যাক ‘এই এসো এই অন্তরে, হূদয়ে হূদয় দাও ভালোবাসা, মেলাই যাইরে’ জনপ্রিয় এই গানগুলো গেয়ে হাজার হাজার দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন। একে একে গান গেয়ে শোনায় দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল, ওয়্যারফেজ, মাকসুদ ও ঢাকা, দলছুট ও লালন। রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে ব্যান্ড দলগুলোর সুরের মূর্ছনা। টিকিট না পেয়ে অসংখ্য তরুণকে শীতের মধ্যে স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। এসব তরুণ স্টেডিয়ামের ভিতর থেকে ভেসে আসা সুরের মূর্ছনা শুনেই তাদের পিপাসা মিটিয়েছেন। ছিল না কষ্টের নীল বেদনা। রাত ১১টায় যখন আসর ভাঙ্গে তখনো দর্শকদের হূদয় জুড়ে ছিল প্রিয় ব্যান্ড দল ও শিল্পীদের গাওয়া গানের কলি। কনসার্টে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তরিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুর রহমান, জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন। কনসার্টের স্পন্সর ইউএনএফপিএ ও বামবা। মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করে দৈনিক ইত্তেফাক, রেডিও ফুর্তি ও চ্যানেল নাইন।