সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হচ্ছে :মওদুদ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২২:৪৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ৯ ডিসেম্বর অবরোধের মধ্য দিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি শুরু হচ্ছে। আর এই কর্মসূচিতে সরকার যদি বাধা দেয় তাহলে সঙ্গে সঙ্গে পাল্টা কর্মসূচি দেয়া হবে। সরকারের জন্য তা বড় বিপর্যয় বয়ে আনবে। কেননা আমাদের আন্দোলনে জনসমর্থন রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির এই আন্দোলন ধীরে ধীরে একটা সফল জায়গায় পৌঁছাবে। তিনি বলেন, অবরোধ কর্মসূচির পরও সরকার যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় তাহলে সামনে হরতাল-অবরোধসহ ঢাকা ঘেরাও কর্মসূচি দেয়া হবে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘সংসদ সচল ও গণতন্ত্র নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনাসভায় তিনি একথা বলেন। বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এ সভায় সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নিলোফার চৌধুরী মনি এমপি, সাবেক এমপি হেলেন জেরিন খান প্রমুখ বক্তৃতা করেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আওয়ামী লীগ শিখিয়েছে কিভাবে আন্দোলন সফল করতে হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সরকার পদ্মা সেতু প্রকল্পের অপরাধীদের বাঁচাতে চাচ্ছে অভিযোগ করে মওদুদ আহমেদ আরো বলেন, পদ্মা সেতু অনিশ্চিত। পদ্মা সেতুর ব্যাপারে সরকারের কোনো আগ্রহ নেই। এ প্রকল্পের কেলেঙ্কারির সঙ্গে জড়িত সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের অভিযুক্ত করলে তারা বিশ্ববাসীর কাছে দুর্নীতিবাজ বলে চিহ্নিত হয়ে যাবে, যা ইতিমধ্যে দেশের মানুষের কাছে হয়েছে।