ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কনটেস্ট এসিএম-আইসিপিসি (অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারিজ - ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোাগ্রামিং কনটেস্ট) গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে এটাই সর্ববৃহত্ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে বাংলাদেশের ৬৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আইটি ইন্সটিটিউটের ১৫০টি দল অংশগ্রহণ করে। এ ছাড়া চীন এবং ভারত থেকেও তিনটি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার সেরা তিনটি দল আগামী জুন ৩০ ও জুলাই ৪ তারিখে রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের স্বাগতিকতায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফাইনালস-এর মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রধান অতিথি হিসেবে জমকালো এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এম লুত্ফর রহমান, কনটেস্ট ডিরেক্টর অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন প্রমুখ। এবারের প্রোগ্রামিং কনটেস্টটিকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য আয়োজকদের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল এবং এ প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আগামী ওয়ার্ল্ড ফাইনালে ভালো করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘একটি দেশের গুরুত্বপূর্ণ ও অপার সম্ভাবনাময় খাত হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং এতে কোনো সন্দেহ নেই যে, যদি বর্তমানে এ খাতের উন্নয়নে উপযুক্ত পৃষ্ঠপোষকতা দেওয়া যায় তাহলে জাতীয় অর্থনীতিতে এ খাতই সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম হবে।
