তিনদিনের বাটেক্সপো শুরু বুধবার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:০০
বিদেশিদের কাছে বাংলাদেশী পোশাক শিল্পের সার্বিক অবস্থা তুলে ধরার সবচেয়ে বড় আয়োজন বাটেক্সপো (বাংলাদেশ অ্যাপারেল এন্ড টেক্সটাইল এক্সপোজিশন) আগামী বুধবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিন ধরে এ মেলা চলবে। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এ প্রদর্শনীর আয়োজন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। আর সমাপনী ঘোষণা করবেন বিএনপি চেয়ারপার্সন ও প্রধান বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। গতকাল শনিবার দুপুরে বিজিএমইএ ভবনে বাটেক্সপো বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সংগঠনটির সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি ফারুক হাসান ও সিদ্দিকুর রহমান, বাটেক্সপোর প্রধান সমন্বয়কারী সৈয়দ ফাইজুল আহসান, ট্রেড ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাছির ও বাটেক্সপোর স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগের বাটেক্সপোগুলোতে লক্ষ্যমাত্রা পুরোপুরিভাবে অর্জিত হয়েছে। এবার বিশ্ব বাণিজ্যে মন্দার ছোঁয়া থাকলেও এবারের মেলার উদ্দেশ্য সফল হবে। গতবারের চেয়ে এবারের প্রদর্শনীতে ক্রেতার সংখ্যা আরো বেশি হবে। মেলায় ১৩৮টি স্টল থাকবে। গতবছরের বাটেক্সপোতে রেডিস্টক এ্যাপারেলসহ ছয় কোটি ৬৩ লাখ মার্কিন ডলারের স্পট অর্ডার পাওয়া গিয়েছিল। এবছর স্পট অর্ডারের পরিমাণ বাড়বে বলে আশা করছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় মেলাকে আরো তাত্পর্যপূর্ণ করতে পোশাক শিল্পের আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয় নিয়ে তিনটি সেমিনার থাকবে। তবে সেমিনারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। বাটেক্সপোর আগে ৯ তারিখ একটি এবং পরে ১৫ তারিখে আরেকটি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া ১৩ তারিখে আরেকটি সেমিনার হবে। এদিকে ঐতিহ্যগতভাবে বাটেক্সপোতে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলে সম্প্রতি তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের কারণে তা বাতিল করা হয়েছে। বিজিএমইএ সভাপতি বলেন, পণ্যের যে বৈচিত্রতা এসেছে, পশ্চাত্পদ সংযোগ (ব্যাকওয়ার্ড লিংকেজ) এর দেশিয় প্রাপ্ততা বিশেষ করে স্থানীয় পর্যায়ে টেক্সটাইল ও এক্সেসরিজের যে উন্নয়ন হয়েছে তা মেলায় আসা ক্রেতাদের সামনে গুরুত্বসহকারে তুলে ধরা হবে। এদিকে গার্মেন্ট শিল্পের সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিজিএমইএ সভাপতি। উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে বিজিএমইএ বাটেক্সপো মেলার আয়োজন করে আসছে।