ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে চীন ও ভারতকে ছাড়

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতা থেকে চীন, ভারতসহ ২০টি রাষ্ট্রকে ছয় মাসের ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে তেল আমদানি সংক্রান্ত লেনদেন গুটিয়ে আনার সুযোগ দিতেই দেশগুলোকে এ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ ছাড়ের কথা ঘোষণা করেন। চলতি বছরের সেপ্টেম্বরে ইরান থেকে জ্বালানি তেল আমদানি করা অন্যতম দেশ জাপান ও ইউরোপীয় ইউনিয়নের ১০টি রাষ্ট্রকে এ ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার ইরান থেকে তেল আমদানি করা প্রধান ২০টি দেশের সবাইকে এ ছাড় দিল যুক্তরাষ্ট্র। ওবামার সইয়ের মাধ্যমে গত বছর যুক্তরাষ্ট্রের আইনে পরিণত হওয়া এ নিষেধাজ্ঞা থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ছাড় পেল ওই ২০টি দেশ। ইরান থেকে তেল আমদানি ও দেশটির সঙ্গে আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করে ওই আইনটি জারি করা হয়। এ আইনের আওতায় ইরানের সঙ্গে আর্থিক লেনদেন করা কোনো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবস্থার সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না। ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করতে চাপ সৃষ্টি করাই মার্কিন এ নিষেধাজ্ঞার লক্ষ্য। পশ্চিমা গোষ্ঠীর নিষেধাজ্ঞার পরও কিছু বিদেশি কোম্পানি ইরানের তেল ও গ্যাস খাতে কাজ করছে বলে শুক্রবার ইউএস গভর্নমেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস বা জিএও’র রিপোর্টে বলা হয়। চীনের সিনোপেক এন্ড ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন, দক্ষিণ কোরিয়ার দেইলিম ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, ভারতের ওএনজিসি বিদেশ লিমিটেড, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড ও অয়েল ইন্ডিয়া লিমিটেড, দক্ষিণ আফ্রিকার সাসোলের কথা রিপোর্টে উল্লেখ করা হয়। এছাড়া চীন, মালয়েশিয়া, ভারত, ক্রোয়েশিয়া ও ভেনিজুয়েলার আরো কিছু প্রতিষ্ঠান ইরানে কাজ করছে যেগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়।