নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৯
নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে থানায় মামলা করার খবর পাওয়া গেছে। তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলায় আহতরা হাসপাতালে চিকিত্সাধীন আছে। মামলা সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে একটি চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমানসহ কয়েকজন নেতাকর্মী চা খাওয়ার সময় জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান আব্দুল জলিল, তার ছোট ভাই লাভলু মিয়া, আহাম্মদ আলী, শাফিন সাবুসহ কয়েকজন একাধিক মোটর সাইকেলে এসে আকস্মিকভাবে তাদের উপর চড়াও হয়। আলতাফ হোসেনকে এলোপাতাড়ি মারধর করার সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এগিয়ে এলে তাকেও মারধর করে। পরে সেখান থেকে তাদেরকে ইউনিয়ন পরিষদে এনে দ্বিতীয় দফা শারীরিক নির্যাতন করে ছেড়ে দেয়। ঘটনায় আহত আলতাফ হোসেন কবি ও নজরুল ইসলামকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরদিন আলতাফ হোসেন বাদী হয়ে কচাকাচা থানায় একটি মামলা করে।