গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আশুলিয়ার তাজরীন গার্মেন্টসের মালিককে গ্রেফতার ও বিচারের দাবি করেছে। গতকাল তোপখানা রোডস্থ সংগঠনের কেন্দ্রিয় কার্যালয়ে নিহত-আহতদের ক্ষতিপূরণ দাবিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শহীদুল ইসলাম সবুজ, আব্দুুল আলীম স্বপন, আমেনা আক্তার প্রমুখ। এদিকে তাজরীন গার্মেন্টস শ্রমিকদের ক্ষতি-পূরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীন বাংলা গার্মেন্টস্ শ্রমিক কর্মচারী ফেডারেশন সমাবেশ করে। এতে বক্তারা দেশের সমৃদ্ধির স্বার্থে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার কার্যকর এবং আইএলও কনভেনশনের নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।
অন্যদিকে তাজরীনে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিককে এখনও শাস্তি না দেয়ায় সমালোচনা করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের শ্রমিকগণ। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মালিককে অবিলম্বে গ্রেফতারের দাবিও করেন তারা।
