বরিশালে আইন পরীক্ষায় নকল করতে গিয়ে বিএম কলেজ ভিপি বহিষ্কার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
আইন পরীক্ষায় বে-আইনি পন্থা অবলম্বন করায় বিএম কলেজের ভিপি ও কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষারকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ল’ পরীক্ষার শেষ বর্ষের অপরাধ আইন ও ফৌজদারী কার্যবিধি বিষয়ের পরীক্ষা দিচ্ছিল তুষার। বেলা ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহামুদ। তিনি মঈন তুষারকে নকলসহ হাতেনাতে ধরে ফেলার পর বহিষ্কার করেন। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রের অনার্স ভবনের দ্বিতীয় তলায় ২০২ নং কক্ষে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, বইয়ের কাটা পৃষ্ঠা টেবিলের ওপর রেখে উত্তরপত্রে লিখতে দেখে ম্যাজিস্ট্রেট তাকে আটক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহামুদ জানান, পরীক্ষা হলে নকল করার অপরাধে আইনে যে শাস্তির বিধান রয়েছে তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঈন তুষার বহিষ্কারের কথা অস্বীকার করে দাবি করেন, পরীক্ষার প্রশ্নপত্র ভাল হয়নি তাই নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা হল থেকে তিনি বেরিয়ে এসেছেন। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক জানান, ম্যাজিস্ট্রেট হলে এসে মঈন তুষারকে নকলসহ আটকের পর হল থেকে বের করে দেন।