সুন্দরবনে দস্যু বাহিনী প্রধান শামছু আটক অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
পূর্ব সুন্দরবন থেকে র্যাব-৬ অস্ত্র ও গুলিসহ শামছু শেখ (৪৫) নামের এক বনদস্যুকে আটক করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শরণখোলা রেঞ্জের মরাভোলা টহল ফাঁড়ির ইটবাড়িয়া এলাকার বনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শামছু শেখ বাগেরহাট সদর থানার অর্জুনবহর গ্রামের আকুব আলী শেখের ছেলে। খুলনা র্যাব-৬-এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০ সদস্যের একটি দল গতকাল সকাল ৬টার দিকে শরণখোলা রেঞ্জের মরাভোলা টহল ফাঁড়ির বনে অভিযান শুরু করে। র্যাব সদস্যরা বেলা সাড়ে ১১টার দিকে বনের ইটবাড়িয়া এলাকায় পৌঁছে দেখেন বনের ভেতর থেকে খালি হাতে বড়ভাই বাহিনীর ৭-৮ জন সদস্য একটি নৌকায় উঠছে। এ সময় র্যাব সদস্যরা সামনের দিকে অগ্রসর হলে দস্যুরা নৌকা ফেলে বনের মধ্যে পালানোর চেষ্টা কর। র্যাব সদস্যরা ধাওয়া করে দস্যু বাহিনী প্রধান শামছু শেখকে ধরতে সক্ষম হলেও অন্য দস্যুরা গহিন বনে পালিয়ে যায়। পরে শামছু শেখের স্বীকারোক্তি অনুযায়ী বনের ভেতরে মাটির নিচে লুকিয়ে রাখা দুটি বিদেশি একনলা বন্দুক ও ২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক শামছু শেখের বিরুদ্ধে শরণখোলা ও বাগেরহাট সদর থানায় অস্ত্র ও ডাকাতির পাঁচটি মামলা রয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।