সাভারে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
সাভারের আশুলিয়ায় দ্রুতগামী একটি কোচ কেড়ে নিয়েছে দুই ভাইয়ের জীবন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার আশুলিয়ার ঘোষবাগ এলাকায়। জানা গেছে, প্রতিদিনের ন্যায় দুই সহোদর আরাফাত হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৫) মোটর সাইকেল-যোগে রাজধানীর উত্তরা থেকে আশুলিয়ার সিঙ্গাপুর সাউথ পয়েন্ট স্কীল ট্রেনিং সেন্টারে আসছিলেন। দুই সহোদরই ঐ প্রতিষ্ঠানের প্রশিক্ষক ছিলেন। সকাল পৌনে আটটার দিকে মোটর সাইকেল নিয়ে ঘোষবাগ এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী কোচ তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ছোট ভাই সাদ্দাম হোসেন মারা যায়। বড় ভাই আরাফাতকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যালে নেয়ার পথে মারা যায়। নিহত সাদ্দাম ও আরাফাত সিরাজগঞ্জ সদর থানার চরগাজিন্দা গ্রামের আব্দুল মজিদ মিয়ার পুত্র। সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত অভয়নগর (যশোর) সংবাদদাতা জানান, উপজেলার সুন্দলী বাজারের পাশে কুচলিয়া বটতলায় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দিপ্ত রায় (১৭) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক উত্পল রায়ের (১৮) অবস্থা আশংকাজনক। গতকাল শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপ্ত রায় সুন্দলী এস.টি. স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।