ভারতের সংসদে খুচরা ব্যবসায় সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) অনুমোদিত হওয়ায় একে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টর মুখপাত্র মার্ক টোনার সাংবাদিক সম্মেলনে এ ঘটনাকে ‘সকলের বিজয়’ উল্লেখ করে বলেন, এর ফলে কেবল দুই দেশের মধ্যকার বন্ধুত্ব সম্পর্কই বৃদ্ধি পাবে না, কৃষক থেকে শুরু করে সবাই এর সুবিধা ভোগ করবে। খবর এনডিটিভির। মার্ক টোনার সাংবাদিকদের বলেন, খুচরা ব্যবসায় সরাসরি বৈদেশিক বিনিয়োগের বিষয়ে ভারতীয় সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। ভারতীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এর ফলে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীরা যেমন সুবিধা পাবে তেমনি ভারতের অবকাঠামো খাতে বিশাল বিনিয়োগের সুযোগ সৃষ্টি হলো। এছাড়া সুবিধা পাবে ভোক্তারা। এর ফলে খাদ্যমূল্যও কমবে। চীন, ব্রাজিল এবং অনেক উন্নয়নশীল দেশের মতো ভারতের বাজার সমপ্রসারিত হবে। যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানি ভারতের খুচরা বাজারে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। এই কর্মকর্তা বলেন, এটা ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যা ফলপ্রসূ হয়েছে।
যুক্তরাষ্ট্র-ভারত ব্যবসায়ী পরিষদ এক বিবৃতিতে ভারতের খুচরা বাজারে ৫১ শতাংশ বৈদেশিক বিনিয়োগের সুযোগ দেয়ার প্রশংসা করেছে। সংগঠনটির সভাপতি রন সোমারস বলেন, এর ফলে কৃষকদের উত্পাদিত কাঁচামাল নষ্ট হবে না। পরিবহন খরচও কমে যাবে। কৃষকরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পাবে। উত্তর প্রদেশ, গুজরাট, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, পাঞ্জাব এবং বিহারে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সংঠনটি।
গত শুক্রবার ভারতের রাজ্যসভায় ভোটাভুটিতে এফডিআই অনুমোদন পায়। ভোটাভুটির আগে কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি সংসদে বিরোধে জড়িয়ে পড়ে। এফডিআই অনুমোদন দেয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ হয়েছে। এর আগে দুইদিন ব্যাপক বিতর্কের পর গত বুধবার লোকসভায় এফডিআই অনুমোদন পায়। এখন আর্থিক খাতে সংস্কারের জন্য কিছু বিল আনা হবে পার্লামেন্টে। রাজ্যসভায় ভোটাভুটির পর সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথ জানান, সরকার এখন আর্থিক খাত সংস্কারের দিকে মনোযোগ দেবে।
