দক্ষিণ এশিয়ার সংসদ ধনীদের ক্লাবে পরিণত হয়েছে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৩৯
দক্ষিণ এশিয়ার সংসদগুলোকে ধনিদের ক্লাব বলে উল্লেখ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে এসব সংসদ গঠিত হলেও এখানে জনগণের স্বার্থ বিবেচ্য হয় না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখনো পরিবারতন্ত্রের প্রাধান্য রয়ে গেছে। সুশাসন ও গণতন্ত্রের স্থায়িত্বের জন্য এই প্রবণতা মঙ্গলজনক নয়। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘দক্ষিণ এশিয়ায় সুশাসন ও জনসেবার রূপান্তর’ শীর্ষক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে মূল বক্তব্যে অধ্যাপক রেহমান সোবহান একথা বলেন। ইউএনডিপি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কেন্দ্র এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতিসংঘের মিলেনিয়াম ক্যাম্পেইনের সহায়তায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজ (আইজিএস) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। তিনি বলেন, গত দুই দশকে বাংলাদেশের প্রধান দুই দলের কর্ণধার কোনো রাজনৈতিক আলোচনায় বসেননি। তাদের নেতাকর্মীদের প্রত্যাশা থাকলেও এই দুই নেতাকে কখনো একত্রে বসতে দেখা যায়নি।