অবরোধ কর্মসূচিতে বাধা দিলেই সরকার পতন আন্দোলন শুরু :মওদুদ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:৫০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার অবরোধে বাধা দিলে নেতাকর্মীরা রাজপথ থেকে ঘরে ফিরে যাবে না। গতকাল শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের সভাকক্ষে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এই আলোচনাসভায় তিনি একথা বলেন। মওদুদ আহমদ বলেন, এই কর্মসূচি ঘোষণার পর থেকে ক্ষমতাসীনরা বলছে, এই অবরোধ প্রতিহত করা হবে। পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ মিলে অবরোধে বাধা দেয়া হবে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, যদি অবরোধ কর্মসূচি প্রতিহত করা হয়, তাহলে সেখান থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। তিনি বলেন, আমাদের অবরোধ কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই কর্মসূচির মাধ্যমে রাজপথে জনগণ অবস্থান নিয়ে নির্দলীয় সরকারের দাবি তুলে ধরবে। নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আবারো আহ্বান জানিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, এখনো সময় আছে এই দাবি মেনে নিন। সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর বেপারীর সভাপতিত্বে আলোচনাসভায় মহানগর সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।