দেশের শেয়ারবাজারে গতকাল আবারও দরপতন হয়েছে। এ নিয়ে টানা ৬ দিন দরপতন হলো শেয়ারবাজারে। গতকাল ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কমেছে। বাজার সংশ্লিষ্টরা লেনদেন কমে যাওয়ার পেছনে আস্থা ও তারল্য সঙ্কটকে দায়ী করছেন। তারা বলছেন, বাজারকে ইতিবাচক করতে হলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট কমে ৪ হাজার ১৮ পয়েন্টে নেমে এসেছে । ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৩২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট ২৬৪ টি কোম্পানির ৫ কোটি ১৮ লাখ ৬১ হাজার ১৬৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ২১৩ কোটি ৬২ লাখ ৪২ হাজার ১০৪ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি ৮৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো- এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট, যমুনা অয়েল, বিএসসিএল, আর এন স্পিনিং, সায়হাম টেক্সটাইল, তিতাস গ্যাস ও গ্রামীন ফোন। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কোমপানি হলো- এনভয় টেক্সটাইল, লিব্রা ইনফিউশন, রেকিট বেনকিজার, স্টান্ডার্ড সিরামিক্স, বিএটিবিসি, মডার্ন ডাইং, ব্র্যাক ব্যাংক কনভার্টেবল বন্ড, এনটিসি, বাটা সু ও পাইওনিয়ার ইন্সুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- যমুনা অয়েল, রিলায়েন্স-১ মিউচ্যুয়াল ফান্ড, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, ১ম বিএসআরএস মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীন স্ক্রিম-২, ইউনাইটেড এয়ারওয়েজ, ফাস্ট লিজ ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট, আমরা টেকনোলজি, কোহিনূর কেমিক্যাল ও মালেক স্পিনিং।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১১৩ পয়েন্ট কমে ১২ হাজার ২৯২ পয়েন্টে নেমে এসেছে। সিএসই - ৩০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ১০ হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট ১৬৫টি কোমপানির ৯২ লাখ ৪৮ হাজার ৯৪১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৯ লাখ ৯২ হাজার ৪৭৮ টাকা। যা আগের দিনের চেয়ে ৩ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা বেশি। লেনদেনকৃত ১৬৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭টির কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের।
