দেশের প্রধান শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালও কারিগরি ত্রুটির কারণে এক ঘন্টা পর লেনদেন শুরু হয়। ডিএসই’র পক্ষ থেকে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে লেনদেন এক ঘন্টা বিলম্বে শুরু হওয়ায় পরবর্তীতে লেনদেনের সময় আধা ঘন্টা বাড়ানো হয়। তাই আড়াইটায় লেনদেন শেষ হওয়ার কথা থাকলেও পরে তা তিনটায় শেষ হয়। এর আগে ৫ ডিসেম্বরও ডিএসইতে একই সমস্যার কারণে এক ঘন্টা পরে লেনদেন শুরু হয়েছিল। কারিগরি ত্রুটির কারণ সম্পর্কে জানতে সংশ্লিষ্টদের সাথে কথা বলে ডিএসই জানিয়েছে, গ্রাহকদের আবেদনে কিছু অস্বাভাবিক বিষয়ের কারণে ব্রোকারেজ হাউসগুলো তাদের টার্মিনালের সব কোডগুলো দেখতে পাচ্ছিল না। ফলে লেনদেন বন্ধ রেখে কাজ করতে হয়। তবে সব ধরনের সমস্যার সমাধান হওয়ায় এ ধরনের ত্রুটি আর সামনে হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেছে ডিএসই।
