সিরিয়ার বিদ্রোহীদের নতুন নেতা সেলিম ইদরিস

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২০:১৩
নিজেদের নতুন নেতা নির্বাচিত করেছে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদবিরোধী বিদ্রোহী দলগুলো। তুরস্কভিত্তিক সিরিয়ার বিদ্রোহী দলগুলোর সমন্বয়ে নবগঠিত যৌথ কমান্ডের নতুন প্রধান নির্বাচিত হয়েছেন ব্রিগেডিয়ার সেলিম ইদরিস। পশ্চিমা দেশগুলোর আহ্বানে আসাদ সরকারের বিরোধী দলগুলো এবং তার সমর্থক বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে থাকা বিদ্রোহীদের সমন্বয়ে একটি কার্যকর বিরোধী দল গঠনের উদ্দেশ্যে নেয়া পদক্ষেপের অংশ এটি। শনিবার বিরোধী দলের সূত্রগুলো জানায়, তুরস্কের আন্তালিয়া শহরে পশ্চিমা ও আরব দেশগুলোর নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে যৌথ কমান্ডের ৩০ জন সামরিক ও বেসামরিক সদস্যের ভোটে নতুন প্রধান নির্বাচিত হন সেলিম ইদরিস। প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে অবস্থান নেয়া সেনা কর্মকর্তাদের একজন ছিলেন ইদরিস। সিরিয়ার হোমস শহরের এ সেনা কর্মকর্তা মূলত সুন্নি মুসলিমদের আসাদবিরোধী আন্দোলনের পুরোভাগে ছিলেন। নতুন যৌথ কমান্ডের অনেক সদস্যেরই ইসলামি দল মুসলিম ব্রাদারহুড ও সালাফিস্টদের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। তবে প্রেসিডেন্ট আসাদের বিরোধিতা করা বেশিরভাগ সামরিক কর্মকর্তাকেই এ কমান্ডে অন্তর্ভুক্ত করা হয়নি।