মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে ফেনসিডিল!

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:০২
শনিবার সকালে কেশবপুর থানা পুলিশ অভিনব পন্থায় রাখা একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪৩৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। কেশবপুর থানার ওসি আব্দুল জলিল সাংবাদিকদের জানান, শনিবার সকালে উপজেলার বুড়ুলি -ভেরচী সড়কে একটি মাইক্রোবাস সড়কের পার্শ্বে গাছের সাথে ধাক্কা দেয়। এ সময় ভেরচী ফাঁড়ি পুলিশের ইনচার্জ তাপস রায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজে তত্পর হন। মাইক্রোবাসের আরোহীদের আচার-আচরণে সন্দেহ হলে তিনি থানায় খবর পাঠান থানা ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার সন্দেহবশত খুলে দেখতে পান তার ভেতর ফেনসিডিল ভর্তি। এরপর পুলিশ মাইক্রোবাসের আরোহী যশোরের কোতয়ালী থানার ঘোপ সেন্ট্রাল রোডের পলাশ (৪০), শরিফুল ইসলাম (৩০), টগর (২২) ও একই এলাকার টোকনকে (২২) আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি জব্দ করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।