বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাকেই সমাজ ও জাতির অগ্রগতির চালিকাশক্তি বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দীক। বিশ্বায়নের ও তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের সামনে জ্ঞানের দরজা যেকোন সময়ের চেয়ে বেশি মাত্রায় উন্মুক্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ড. আবু ইউসুফ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘ড. আবু ইউসুফ স্মারক বক্তৃতা-২০১২’ শীর্ষক স্মরণ সভায় ‘জাতীয় উন্নয়নে বিশ্ববিদ্যালয়’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপনকালে ঢাবি উপাচার্য একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত। বক্তব্য রাখেন প্রয়াত উপাচার্য আবু ইউসুফের স্ত্রী ড. রওশন আরা ইউসুফ, সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী। ঢাবি উপাচার্য বলেন, একটি দেশকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হলে বিশ্ববিদ্যালয়ের কোন বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা সমাজে বুদ্ধিবৃত্তিক মান বৃদ্ধি করে, মানুষের মতামত ও ন্যায়বোধকে পরিশীলিত করে ও নিজের দক্ষতা ও শক্তি বাড়িয়ে তোলে।
