সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার শিক্ষা অফিস থেকে চলিত বছরের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার বিভিন্ন শ্রেণীর প্রশ্নপত্র চুরি হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাদি হয়ে পাঁচ শিশুকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো— রাসেল (৭), মনটিল (৮), সমিরুল (৫), উজ্জল (৯) ও হেলাল (১০)। রবিবার বার্ষিক পরীক্ষার বিভিন্ন শ্রেণীর প্রশ্নপত্র অফিসের মেঝেতে রেখে অফিস তালাবদ্ধ করে বাসায় চলে যান সহকারী শিক্ষা কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে উপজেলার বন অফিসের একজন কর্মচারি অভিযুক্ত রাসেলকে বার্ষিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণীর বাংলার একটি প্রশ্নপত্রসহ শিক্ষা অফিসে নিয়ে আসেন। রাসেল আরোও জানায়, অভিযুক্ত উজ্জল ও সমিরুলের কাছে আরোও ৬টি প্রশ্নপত্র রয়েছে। বিশ্বনাথ থানা পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, একজনকে আটক করে জামিনে দেয়া হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
