দেশের সর্ববৃহত্ ইউরিয়া সার উত্পাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার বাল্ব গোডাউন সিলগালা হওয়ায় কারখানার দৈনিক উত্পাদন অর্ধেকে নেমে এসেছে। ২ ডিসেম্বর শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী (এমপি) কারখানা পরিদর্শনে এসে ব্যাগিং শাখায় অনিয়মের কারণে কারখানার উপ-ব্যবস্থাপক (বিক্রয়) গোকুল চন্দ্র সাহাকে সাময়িক বরখাস্ত করেন এবং ৩ ডিসেম্বর প্রতিমন্ত্রীর নির্দেশে কারখানার বাল্ব গোডাউনটি সিলগালা করা হয়েছে। বাল্ব গোডাউন সিলগালা হওয়ার পর সার রাখার জায়গা না থাকার কারণে কর্তৃপক্ষ দৈনিক উত্পাদন হ্রাস করে অর্ধেকে নিয়ে আসে। সার কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে যমুনা সার কারখানায় ইউরিয়া ১৭শ’ টন দৈনিক উত্পাদন ক্ষমতা রয়েছে। তারমধ্যে গত ২ ডিসেম্বর ১৫শ’ ৩১ টন, ৩ ডিসেম্বর ১৩ শ’ ১০ টন, ৪ ডিসেম্বর ৭ শ’ ৯৫ টন উত্পাদন অর্ধেকে নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দৈনিক উত্পাদন লোড ছিল মাত্র শতকরা ৬৫ ভাগ পর্যন্ত। গোডাউনটি সিলগালা করার ফলে কারখানার উত্পাদন বন্ধ রাখতে হচ্ছে। এতে করে সার উত্পাদন ব্যাহত হওয়ায় যমুনা সার কারখানার দৈনিক প্রায় দেড় কোটি টাকা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। অপরদিকে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেবকে ক্লোজ করে কারখানার অপারেশন/উত্পাদন জিএম জাহিদুল বারীকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।
