দিনাজপুরের ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ দীর্ঘদিন যাবত্ বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি ও উদাসীনতার কারণে ২৬ মাস অতিবাহিত হলেও স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শেষ হয়নি। জানা গেছে, ২০১০ সালের জুন মাসে কার্যাদেশ দেয়া হয় এবং ২৬ সেপ্টেম্বর কাজ শুরু করা হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এ কে এম মাজহারুল হক জানান, কাজ শুরুর পর ঠিকাদারি প্রতিষ্ঠান ৭০-৭৫ ভাগ কাজ করার পর তা বন্ধ রাখে। এরপর প্রায় ৬ মাস অতিবাহিত হলেও কাজ বন্ধ রয়েছে। তাদের সাথে যোগাযোগ করেও কোনো কাজ হচ্ছে না। কয়েকবার চিঠি দিয়েও কোনো উত্তর আসেনি। ঠিকাদারি প্রতিষ্ঠান যদি এখন কাজ না করে সেক্ষেত্রে কি করার আছে এমন প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, সেক্ষেত্রে নিয়োগকৃত প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে অবশিষ্ট কাজের জন্য অন্যকোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ করতে হবে।
