সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:২৫
কোটালীপাড়ার রাধাগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাধাগঞ্জ ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে রাধাগঞ্জ ইউনিয়ন আ’লীগ সভাপতি সর্বানন্দ বৈদ্যর সভাপতিত্বে ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর এ সম্মেলনের উদ্বোধন করেন। বক্তব্য রাখেন আ’লীগের বিশিষ্ট নেতা লিয়াকত আলী মোল্লা, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, আ’লীগ সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন ও শেখ কামাল হোসেন প্রমুখ। সম্মেলন শেষে সর্বানন্দ বৈদ্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও কাউন্সিলরদের ভোটে ফরিদ শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সুন্দরগঞ্জে ছাপরহাটী ইউপি’র কার্যক্রমে স্থবিরতা রাশিদুল আলম চাঁদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার ছাপরহাটী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ সদস্য অনাস্থা প্রস্তাব আনায় ইউনিয়নের সকল উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। জানা গেছে, ওই চেয়ানম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ এনে ১০ জন সদস্য গত ২৯ আগস্ট চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেন। যার ফলে ইউনিয়নের টি,আর, কাবিখাসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। অপরদিকে ২০১২-১৩ অর্থবছরে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে শ্রমিকরা গত ৯ দিন পূর্বে কাজ শুরু করলেও এ খবর লেখা পর্যন্ত শ্রমিকের তালিকা প্রণয়ন করা হয়নি। এদিকে চেয়ারম্যান ওই প্রকল্পের উপকারভোগীদের কাছ থেকে আবেদন ফরম প্রতিটি ১০ টাকা হারে প্রায় ১ হাজার ফরম বিক্রি করে অর্থ হাতিয়ে নিলেও অদ্যাবধি শ্রমিক তালিকা চূড়ান্ত করতে পারেনি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ইউএনও আহসান হাবিব জানান, উপকারভোগীদের নিকট আবেদন ফরম ছাড়া হয়েছে, ২/৩ দিনের মধ্যে বাছাই করে শ্রমিক নিয়োগ দেয়া হবে। কাশিয়ানীতে বিয়ে করতে গিয়ে ভুয়া পুলিশ গ্রেফতার কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ কাশিয়ানী উপজেলার তিতাগ্রাম থেকে গত শনিবার একজন ভুয়া পুলিশ ও তার সহযোগীকে গ্রেফতার করছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। জানা গেছে, গত শনিবার মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে উত্পল মন্ডল (৩০) ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বারাংকুলা গ্রামের ঘটক সেলিম খন্দকারের সহযোগিতায় কাইয়ুম নামে ভুয়া এ, এস, আই পরিচয়ে তিতাগ্রামের চানু মোল্যার মেয়েকে বিয়ে করতে যায়। উত্পলের চলাফেরা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা কাশিয়ানী থানায় জানালে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে উত্পল জানায়, ঢাকার পলওয়েল মার্কেট থেকে আটশত টাকা দিয়ে পুলিশের পোশাক কিনেছি। কাশিয়ানী থানার ওসি তদন্ত মোঃ বেলায়েত হোসেন বলেন, সারাদেশে ভুয়া পুলিশ সেজে ডাকাতি, ছিনতাই হচ্ছে অহরহ। তাই এদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পাবনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতাসহ দুই যুবক আটক পাবনা প্রতিনিধি \ পরীক্ষার খাতা জালিয়াতির অভিযোগে পৌর সদরের কালাচাঁদপাড়া মহল্লায় শনিবার রাতে অভিযান চালিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬টি খাতাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো জেলার আটঘরিয়া উপজেলার রাঘবপুর স্কুলপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুল আজিজ (২২) ও একই উপজেলার বয়রা মধ্যপাড়া গ্রামের হাশেম আলীর ছেলে সেলিম রেজা (২০)। পুলিশ জানায়, একটি চক্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের খাতা জালিয়াতি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ৬টি খাতা উদ্ধার করা হয়। এর মধ্যে ৪টি হাতে লেখা ও ২টি সাদা খাতা। বাজিতপুরে আন্তঃনদী সংযোগ প্রকল্প বিষয়ে কর্মশালা বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ভাটি এলাকার প্রবেশদ্বার বলে খ্যাত বাজিতপুরে শুক্রবার দিনব্যাপী-‘হাওর অঞ্চলবাসী বাজিতপুরে’র উদ্যোগে ভারতের টিপাইমুখ বাঁধ ও আন্তঃনদী সংযোগ প্রকল্প ও হাওর অঞ্চলে এর অভিঘাত বিষয়ে এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘হাওর অঞ্চলবাসী বাজিতপুরে’র সমন্বয়ক অধ্যাপক বিমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল বক্তব্য প্রদান করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহা-পরিচালক এবং জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম.ইনামুল হক। আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) সাইফুল ইসলাম, এডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান শিক্ষক মোবারক হোসেন, হাবিবুর রহমান রাজা, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, অধ্যাপক ইন্দ্রজিত দাস, শিক্ষক হরিপদ দাস, হাওর অঞ্চলবাসী কিশোরগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক আলহাজ্ব মেহের উদ্দিন, প্রধান শিক্ষক ফজলুর রহমান, শামসুল হক কাজল, রুহুল আমিন, আব্দুস সালাম প্রমুখ। গৌরনদীতে ভূমি অফিসের ফাইল চুরির ঘটনায় তোলপাড় গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ বরিশালের গৌরনদী উপজেলা ভূমি অফিস থেকে আশোকাঠী মৌজার গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ পুরো ফাইল চুরি করার ঘটনায় থানায় মামলা করা সত্ত্বেও পুলিশ দীর্ঘদিনেও আসামিদের গ্রেফতার করতে পারেনি। রহস্যজনক কারণে পুলিশ আসামিদের গ্রেফতার করছেন না বলে অভিযোগ উঠেছে। অপরদিকে সরকারি অফিস থেকে ফাইল চুরির ঘটনায় পুরো উপজেলায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। দুমকি কৃষকলীগের কমিটি গঠন দুমকি সংবাদদাতা \ পটুয়াখালীর দুমকিতে মো: হুমায়ুন কবির মৃধা সভাপতি, মো: রেজাউল হক রাজন সাধারণ সম্পাদক ও হাওলাদার মোশারফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা কৃষকলীগের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার পটুয়াখালী জেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভায় নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মহালছড়ি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বহিষ্কার মহালছড়ি প্রতিনিধি \ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহালছড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বাবলু চৌধুরীকে বহিষ্কার করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মংসাপ্রু মারমা জানান, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে অব্যাহতি দেয়া হয়েছে। শেরপুর বয়লার শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার শেরপুর থানা বয়লার শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। র্নাির্বাচনে সভাপতি পদে আয়নাল হক (ছাতা) ও সাধারণ সম্পাদক পদে ফয়জাল হোসেন(মই) নির্বাচিত হয়েছেন। বাঞ্ছারামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাঞ্ছারামপুর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা দূর্গারামপুর গ্রামে বসুন্ধরার গ্রুপের চেয়ারম্যানের বাড়ি থেকে শনিবার শীতার্ত মানুষের মধ্যে ৫ হাজার কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরন অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইষ্ট ওয়েষ্ট মিডিয়ার প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দুধ মিয়া উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁয়ে নারী নির্যাতন রোধে গণসমাবেশ ঠাকুরগাঁও প্রতিনিধি \ নারী নির্যাতন রোধ করি, সমধিকার ও সম মর্যাদা প্রতিষ্ঠা করি এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলা দেবীপুর ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে নারী নির্যাতন রোধে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ রংপুর হেড অব নারী অধিকার কর্মকর্তা মঞ্জুশ্রী সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ফেডারেশনের সমন্বয়ক কমিটির সভাপতি রেজাউল ইসলাম, দেবীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামিনী রায়। রসুনের দাম না পেয়ে চরভদ্রাসনের কৃষকরা হতাশ চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ রসুনের দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছে কৃষকরা। প্রতিমণ বীজ রসুনের বাজার মূল্য সাড়ে চারশ’ টাকা। অথচ কাঁচা অবস্থায় এই রসুনের বাজার মূল্য ছিলো প্রায় দু’হাজার টাকা। কৃষকরা অধিক লাভের আশায় এই রসুন সংরক্ষণ করে রবি মৌসুমে বিক্রির জন্য রেখেছিল। কিন্তু গত কয়েকদিনের বাজার মূল্য দেখে কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন। শুক্রবার চরভদ্রাসন হাটে গিয়ে কথা হয় কৃষক মো.গফুর, খালেক বেপারী ও রজব আলীর সঙ্গে। বর্তমানে একজন কৃষি শ্রমিকের মজুরি ৪শ’ টাকা। যা প্রায় একমণ রসুনের কাছাকাছি। তালায় ভবন নির্মাণের নামে গাছ কর্তন তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালায় বিদ্যালয় ভবন নির্মাণের নামে কেটে ফেলা হয়েছে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩২ টি বনজ গাছ। উপজেলার মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের স্থান, সীমানা ও পুরানো ভবনের সামনে থেকে ওই গাছগুলো কাটা হয়। অথচ নিয়মানুযায়ী কোন সরকারি গাছ কাটতে হলে বন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ঠিকাদার নিয়োগ করতে হয়। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তা না করে উপজেলা সমন্বয় কমিটির সভায় উত্থাপন করে গাছগুলো কেটে নিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর পক্ষে জনৈক ফয়জুদ্দীন নামে একব্যক্তি সাতক্ষীরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেন। স্থানীয়রা জানিয়েছেন, বর্তমানে বিদ্যালয় ভবন নির্মাণের স্থানে ৮ থেকে ১০টি গাছ ছিল। বাকি গাছগুলো সীমানা প্রাচীর ও পুরানো ভবনের সামনে ছিল। ভবন নির্মাণের নামে তারা সব গাছ কেটে বিক্রি করে। এক পর্যায়ে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। পরে প্রশাসন ওই গাছগুলো সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মায় রাখার নির্দেশ দেয়। মাদারগঞ্জে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের উদ্যোগ মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ বন্যার হাত থেকে ফসল রক্ষা ও যাতায়াতের সুবিধার জন্য মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রাম, সুখনগরী ও নাদাগাড়ী গ্রামের ৫ শতাধিক লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এক কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম। তিনি শুক্রবার বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিজুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক । এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবীর, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরুণ কুমার সাহা,বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুছা, পৌর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক নুরনবী লুলু, মির্জা সোহেল প্রমুখ। রৌমারীতে গ্যাসের নমুনা সংগ্রহে বাপেক্স রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি \ ৩ মাস আগে সন্ধান পাওয়া প্রাকৃতিক গ্যাসের নমুনা সংগ্রহের জন্য বাপেক্সে’র প্রতিনিধি দল এখন রৌমারীতে অবস্থান করছে। শনিবার বাপেক্সে’র ব্যবস্থাপক (ভূ-তত্ত্ব) রেজাউল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই স্থানটিতে যান এবং গ্যাসের নমুনা সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। গ্যাস সংগ্রহ করে বাপেক্স’র ব্যবস্থাপক রেজাউল হালিম জানান, গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। এটা পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে কি পরিমাণ গ্যাস রয়েছে। বাণিজ্যিক ভাবে উত্তোলন যোগ্য কিনা তা পরে সিদ্ধান্ত নেয়া হবে।