তবু চালু হচ্ছে না আন্তর্জাতিক তিন রুটে বিমানের ফ্লাইট

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২২:২৫
তিনটি আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। রুটগুলো হচ্ছে ঢাকা-হংকং, ঢাকা-দিল্লী ও ঢাকা-করাচি। এসব রুটে বিমান সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করত। কিন্তু ঢাকা-জেদ্দা রুটে হজ্বযাত্রী বহনের সুবিধার্থে বিমান পরিচালনা পর্ষদ এয়ার ক্রাফট স্বল্পতার কারণ দেখিয়ে তিন মাস আগে উল্লেখিত তিন রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। কথা ছিলো হজ্ব ফ্লাইট শেষ হওয়ার পর এসব রুটে ফ্লাইট চলাচল আবার শুরু হবে। গত ১৭ সেপ্টেম্বর হজ্ব ফ্লাইট পরিচালনা শুরু হয় এবং তা ৩০ নভেম্বর শেষ হয়েছে। কিন্তু বন্ধ হয়ে যাওয়া তিন রুটে এখন পর্যন্ত ফ্লাইট চলাচল শুরু হয়নি। কবে নাগাদ তা পুনরায় চালু হবে তা এখনো অনিশ্চিত। এছাড়া হজ্ব ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একই সময় ঢাকা-ব্যাংকক রুটেও সপ্তাহে ৫টি ফ্লাইটের স্থলে কমিয়ে তিনটি করা হয়। এছাড়া ম্যানচেস্টার ও মিলান রুটও বন্ধ করে দেয় বিমান। দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় ঢাকা-দিল্লী-ঢাকা রুটটি বিমানের হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। এই রুটে চলাচলকারী যাত্রীর সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। এ রুটে ভারতের জেট এয়ারওয়েজ দৈনিক একটি করে ফ্লাইট পরিচালনা করছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়াও এ রুটে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ঢাকা থেকে শুধু দিল্লী নয়, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের অনেক যাত্রী ভারতের এ দুটি এয়ারলাইন্সের ওপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছেন। এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ ইত্তেফাককে জানান, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আলোচ্য রুটগুলোতে ফ্লাইট বন্ধ ও ফ্লাইটের সংখ্যা হ্রাস করা হয়। পর্ষদ পুনরায় সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত আমাদের কিছুই করার নেই। প্রসঙ্গত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত উড়োজাহাজ সংকট কাটিয়ে উঠতে পারেনি। বর্তমানে বিমানের নিজস্ব উড়োজাহাজ মাত্র ৭টি। এর মধ্যে দুটি বোয়িং-৭৭৭, তিনটি ডিসি-১০ এবং দুটি এয়ারবাস। এর বাইরে বিভিন্ন এয়ারলাইন্স থেকে দুটি বোয়িং-৭৩৭ এবং একটি বোয়িং-৭৬৭ স্বল্পমেয়াদী লিজ নিয়ে চালানো হচ্ছে। ইতিপূর্বে অভ্যন্তরীণ ছাড়াও ঢাকা-কলকাতা, ঢাকা-কাঠমান্ডু, ঢাকা-ব্যাংককসহ বিভিন্ন আঞ্চলিক রুটে বিমান এফ-২৮ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করত। কিন্তু গত জুন মাস থেকে এ দুটি উড়োজাহাজ গ্রাউন্ডেড (অচল) রয়েছে। এ দুটি উড়োজাহাজ আর উড়ানো সম্ভব নয় বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।