স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু বলেছেন, ১৮ দলীয় ঐক্য জোট আগের মতই মিথ্যাচার করেছে। অবস্থান অবরোধের আগে জোট নেতারা বলেছিলেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। কিন্তু অবরোধ কর্মসূচির আগের দিন সন্ধ্যা থেকেই ঢাকায় কি হয়েছে? লাঠি, বোমা, আগুন নিয়ে তারা চরম অরাজকতা ও অশান্তি সৃষ্টি করছে।
গতকাল রবিবার সচিবালয়ের নিজ অফিস কক্ষে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক কর্মসূচিতে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড জনগণের কোন উপকারে আসে না।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, বিরোধী জোটের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচিতে সরকারের বাধা দেয়ার কোন অভিপ্রায় ছিল না। অথচ কর্মসূচির আগের দিন তারা সন্ধ্যা থেকেই গাড়ি ভাংচুর ও আগুন দেয়া শুরু করে। নগরীর বিভিন্ন স্থানে বোমাবাজি-ভাঙচুর করে তারা জনগণের মধ্যে আতংক তৈরি করে। শান্তিপূর্ণ অবস্থানের কথা বললেও ঢাকাসহ সারাদেশে অরাজকতা সৃষ্টি করেছে তারা। এটা কোন গণতান্ত্রিক কর্মসূচি হতে পারে না।
গতকাল অবরোধ কর্মসূচি চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের বিভিন্ন এজেন্সি সারাদেশে অরাজকতা তৈরি করে বিরোধী নেতা-কর্মীদের উপর দায় চাপিয়ে দিতে চাচ্ছে। সাংবাদিকরা এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার অভিযোগ সর্বৈব মিথ্যা, বানোয়াট এবং ‘পাগলের প্রলাপ’ মাত্র।
