সাভারের আশুলিয়া ঘোষবাগ এলাকায় গতকাল রবিবার নাসা গ্রুপের পোশাক তৈরির কারখানায় আগুন আতঙ্ক দেখা দেয়। এ সময় কারখানা থেকে হুড়াহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রমিকরা কাজে যোগ দেয়। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ঘোষবাগ এলাকায় নাসা গ্রুপের পোশাক কারখানার দ্বিতীয়তলায় একটি টিউব লাইট ফেটে গিয়ে শব্দ হয় এবং আগুনের ফুলকির ধোঁয়া দেখা যায়। এতে গোটা কারখানায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকরা ভয়ে কারখানা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করলে পরে শ্রমিকরা কাজে যোগ দেয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বলেন, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
