দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রবিবার সেদেশের সরকার জানিয়েছে, ৯৪ বছর বয়সী ওই অবিসংবাদিত নেতা সুস্থ আছেন। হাসপাতালে ম্যান্ডেলার সঙ্গে দেখা করার পর প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানান, রাতে হাসপাতালে থাকার পর তাকে ভাল দেখাচ্ছে। একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল টিম তার চিকিত্সা করছেন। এরপর এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, চিন্তিত হওয়ার কোন কারণ নেই। ‘বয়সজনিত সমস্যার’ কারণে ম্যান্ডেলাকে রাজধানী প্রিটোরিয়ায় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
নেলসন ম্যান্ডেলা এখন ইস্টার্ন কেপ প্রদেশে তার শৈশবের গ্রাম কুনুতে বাস করছেন। শনিবার সেখান থেকেই তাকে হাসপাতালে নেয়া হয়। ২০১১ সালে শ্বাসকষ্টজনিত কারণে এবং এ বছরের ফেব্রুয়ারিতে পাকস্থলির সমস্যার কারণে ম্যান্ডেলাকে জোহানেসবার্গের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন স্বাস্থ্য পরীক্ষার পর কোন গুরুতর সমস্যা ধরা না পড়ায় কয়েকদিন পর হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয় তাকে। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেশটির প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করেছিলেন এই বর্ণবাদী নেতা।
