‘পদ্মা সেতু দুর্নীতি ইস্যুতে দুদক মনস্তাত্ত্বিক চাপে’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২২:৩২
পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানের ব্যাপারে দুর্নীতি দমন কমিশনকে মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ফেলানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। গতকাল রবিবার বিকালে দুর্নীতি দমন কমিশনে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ব ব্যাংকের বিবৃতি এবং ওই বিবৃতি নিয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শোতে যে সব মন্তব্য করা হচ্ছে তার ফলে অুনসন্ধান কর্মকর্তাদের মধ্যে মনস্তাত্ত্বিক চাপের সৃষ্টি হচ্ছে। এতে কোনো কাজ হবে না। আমরা আইনানুগভাবে অনুসন্ধানের কাজ চালিয়ে যাব। কাউকে খুশি করার জন্য দুদক কোনো কাজ করছে না। কী করলে এক সপ্তাহের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজের দরপত্র ডাকা হবে বিশ্ব ব্যাংকের কাছে তা জানতে চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। বিশ্ব ব্যাংকের বিবৃতির বিষয়ে তিনি বলেন, বিশ্ব ব্যাংক দুদকের অনুসন্ধান প্রতিবেদন পড়েনি। এটা বিচার-বিবেচনার দায়িত্ব কমিশনের, দুদকের দুই কমিশনার ও চেয়ারম্যান বিচার বিবেচনা করবেন। একারণে তাদের বিবৃতি চাপ সৃষ্টি করছে। পদ্মা সেতুর দুর্নীতি অনুসন্ধান এবং আইনি ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে দুদক বুদ্ধি ও সুবিবেচনা করে যা উপযুক্ত মনে করে সেটা করবে। কেউ খুশি হোক বা ভালো বলুক তা নিয়ে দুদক চিন্তিত নয়। আমরা পরিপূর্ণ অনুসন্ধানের পর বাংলাদেশের আইনানুগ প্রক্রিয়ায় কাজ করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কি কি করলে পদ্মা সেতুর টেন্ডার আগামী সপ্তাহে হবে তা জানতে ওদেরকে জিজ্ঞেস করুন। দুদক স্বচ্ছ নিরপেক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।