জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গতকাল এক বিবৃতিতে দেশব্যাপী রাজপথ অবরোধের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করায় দেশবাসীকে মোবারকবাদ জানিয়েছেন। বিবৃতিতে অবরোধ চলাকালে নিহতদের শোক- সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, অবরোধ চলাকালে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত ওয়ারেস আলী জামায়াতে ইসলামীর কর্মী ও বিমান বন্দর রোডে গাড়ি চাপায় নিহত হয় ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মীসহ কমপক্ষে তিনজন। অপরজন হচ্ছেন পুরনো ঢাকায় বিশ্বজিত্ দাশ। তিনি নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং জামায়াত ইসলামী ও শিবিরসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর সন্ত্রাসীদের হামলা, গ্রেফতার ও নির্যাতনের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, জনগণ সর্বাত্মকভাবে অবরোধ কর্মসূচি সফল করে কার্যত ব্যর্থ, দুর্নীতিবাজ ও জুলুমবাজ আওয়ামী মহাজোট সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। এ সরকারের আর ক্ষমতা আঁকড়ে থাকার কোন নৈতিক অধিকার নেই। সরকারকে বলবো-অবিলম্বে বিরোধী দলের সকল দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন।
