গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংলাপে বসতে হবে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
একটি সুষ্ঠু, অহিংস, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করা ও সংলাপে বসার তাগিদ দিলেন সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। চারদিনের ঢাকা সফর শেষে গতকাল রবিবার রাতে স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে ফার্নান্দেজ আরো বলেন, এদেশের জনগণ, প্রধান দলগুলো, সুশীল সমাজ, গণমাধ্যম সবাই অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। তাই সবার প্রত্যাশা অনুযায়ী একটি বিশ্বাসযোগ্য ও ভাল নির্বাচন অনুষ্ঠানে সংলাপ ও আলোচনায় বসতে হবে যাতে একটি উপায় খুঁজে বের করা সম্ভব হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন রাজনীতি বিষয়ক এই সহকারী মহাসচিবকে বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচন পরিস্থিতি সম্পর্কে জানতে ঢাকা পাঠান। তিনি নিউইয়র্কে ফিরে গিয়ে মহাসচিবের কাছে রিপোর্ট দেবেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, সুশীল সমাজ, গণমাধ্যমসহ বিভিন্ন জনের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, প্রধান দলের নেতৃবৃন্দ সুষ্ঠু নির্বাচন চান। সবাই প্রতিশ্রুতি দিয়েছেন একটি ভাল নির্বাচনে অংশ নিবেন। আমি এজন্য খুবই আশাবাদী। তাই এজন্য সংলাপ খুবই জরুরি। এক প্রশ্নের জবাবে সহকারী মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে জাতিসংঘের কোন মত নেই। বাংলাদেশের জনগণ নির্বাচন পদ্ধতি নির্ধারণ করবেন। জাতিসংঘ সংলাপের ধারণা সব সময় লালন করে। নির্বাচন কমিশনের সঙ্গে দুই দফা বৈঠক প্রসঙ্গে সহকারী মহাসচিব বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সব রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সবাইকে নির্বাচনের গ্রহণযোগ্য পরিবেশ তৈরিতে কমিশনকে সহায়তা দিতে হবে। জাতিসংঘ নির্বাচন কমিশনকে সরাসরি সহায়তা দিতে প্রস্তুত আছে।